Advertisement
জলেই লুকিয়ে রহস্য! রাহুলের মৃত্যুর ৯ দিনে কী কী ঘটে গেল টলিপাড়ায়? দেখে নিন এক নজরে
তালসারিতে 'ভোলে বাবা পার করেগা'-র শুটিংয়েই সাগরের নোনা জলে শলীল সমাধি হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ অকালে অস্তমিত অরুণোদয়ের মৃত্যুর দিন থেকে ইন্ডাস্ট্রিতে কী কী ঘটে গেল দেখে নিন এক নজরে।
২৯ মার্চ, রবিবাসরীয় ছুটির দিন স্টুডিওপাড়ায় হৃদয়বিদারক খবর। 'ভোলে বাবা পার করেগা'-র শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় তৈরি হয়েছিল শূন্যতা। সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন পরিচালক-নাট্যব্যক্তিত্ব সৌরভ পালোধি।
শুটিং করতে গিয়ে কীভাবে সাগরের নোনা জল রাহুলের প্রাণ কেড়ে নিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটা মৃত্যু আর হাজারটা প্রশ্ন। প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-র 'ভোলেবাবা পার করেগা'-র শুটিং করছিলেন রাহুল। সেখানেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। কিন্তু, প্রযোজনা সংস্থা মুখে কুলুপ, যার জেরে রাহুলের মৃত্যু ঘিরে রহস্যের মেঘ আরও ঘনীভূত হচ্ছে।
রাহুলের মর্মান্তিক পরিণতির দিন তিনেক বাদে মুখ খুলেছিল 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে উত্তরোত্তর ক্ষোভও বাড়তে থাকে জনমানসে।
রাহুলের মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হয়। ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয় সিরিয়াল নির্মাতাদের। এমন আবহে বড় সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক-লেখিকা। রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ ছেড়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।
মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে কীভাবে প্রাণ হারান রাহুল? শুটিং সেটে নিরাপত্তার খামতি নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা রাহুলের মৃত্যুর দায় এড়িয়ে যাওয়ার অভিযোগ ও সঠিক তদন্তের দাবিতে শনিবার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে দায়ের করা হয়েছে এফআইআর। সঙ্গে ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।
তালসারিতেও দ্বিতীয় দফায় দায়ের করা হয়েছে এফআইআর। প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে তালসারিতে পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। ভারতীয় ন্যায়সংহিতায় তিনটি ধারায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ভারতীয় দ্বন্দবিধির ১০৬(১) অর্থাৎ অনিচ্ছাকৃত খুন ৩(৫) অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র ও ২৪০ অর্থাৎ অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দেওয়া।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রুপোলি জগতে বিদ্রোহের আগুন! অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম হয়েছে স্টুডিওপাড়া। উঠেছে ‘জাস্টিস ফর রাহুল’স্লোগানও। ৪ এপ্রিল রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর টেকনিশিয়ান স্টুডিওতে জমা হন আর্টিস্ট ফোরামের সদস্যরা। সেখান থেকেই রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে রাজপথে পায়ে পা মিলিয়ে হাঁটেন টলিপাড়ার শিল্পীরা।
‘প্রিয় রাহুলে’র জন্য একজোট বাংলা সিনেদুনিয়া। ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ার আর কোনও সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকে স্তব্ধ টলিপাড়া।
৭ এপ্রিল মঙ্গলবার থেকে স্টুডিওপাড়ায় সিনেদুনিয়ার সমস্ত সংগঠন সম্মিলিতভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল। এদিন সকাল থেকে টলিপাড়ায় দফায় দফায় চলে ম্যারাথন মিটিং। আর মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোনও কর্মবিরতি থাকছে না তবে ইন্ডাস্ট্রির সকলের মিলিত সিদ্ধান্ত, 'ম্যাজিক মোমেন্টস'-র সঙ্গে কোনও শিল্পী কাজ করবেন না।
আউটডোরে শুটিং চলাকালীন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিতে ইন্ডাস্ট্রির তারকা, টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন বা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্য়দের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। এর মাঝেই মিটিং থেকে ফিরেই সোশাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্যাগ করে নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর জন্য আগামী ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন টলিউড সুপারস্টার। পোস্টে উল্লেখ, 'আমরা সকলে মীমাংসার অপেক্ষায় রয়েছি।'
Published By: Kasturi KunduPosted: 09:44 PM Apr 07, 2026Updated: 09:44 PM Apr 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
