Advertisement
আগেই বক্স অফিসে 'ধুরন্ধর' হতে পারতেন, জানেন কোন কোন ছবির অফার ফিরিয়েছেন রণবীর?
সমনামী রণবীর কাপুর যে জায়গাটি অর্জন করতে পেরেছিলেন, তার কাছাকাছি কিছুতেই পৌঁছনো হচ্ছিল না আরেক রণবীরের।
টিনসেল টাউনে এখন ‘ধুরন্ধর’ ঝড়! আদিত্য ধরের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির মধ্যে দিয়ে রণবীর সিং নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করেছেন বলিউডে। সমনামী রণবীর কাপুর যে জায়গাটি অর্জন করতে পেরেছিলেন, তার কাছাকাছি কিছুতেই পৌঁছনো হচ্ছিল না আরেক রণবীরের। 'ধুরন্ধর' তাঁকে 'সম্ভাবনাময়' থেকে 'সফল তারকা'য় পর্যবসিত করেছে। অথচ আগেই উত্তুঙ্গ সাফল্যের চুড়োয় পৌঁছতে পারতেন রণবীর, যদি কয়েকটি ছবির অফার তিনি ফিরিয়ে না দিতেন।
প্রথমেই যে ছবিটির কথা বলতে হয়, তার নাম 'অ্যানিম্যাল'! রণবীর কাপুর অভিনীত ছবিটি বলিউডে হইহই ফেলে দিয়েছিল। সন্দীপ রেড্ডি ভাঙ্গারের এই ছবিটি ভায়োলেন্সের নতুন সংজ্ঞা তৈরি করেছিল রুপোলি পর্দায়। ২০২৩ সালের এই অ্যাকশন-ড্রামা ফিল্মই এ-রেটেড ভারতীয় ছবির মধ্যে ব্যবসায়িক দিক থেকে দ্বিতীয় সফল ছবি। আর সেই ছবির অফার নাকি ছেড়ে দেন রণবীর সিং। যে অফার লুফে নেন সমনামী রণবীর।
বক্স অফিসের আরও এক তুমুল সফল ছবি 'স্যাম বাহাদুর'। যে ছবির মাধ্যমে বলিউডে নিজেকে আরও বেশি করে প্রতিষ্ঠা করেছেন ভিকি কৌশল। অথচ এই ছবির প্রধান চরিত্রেও অভিনয় করার অফার ছিল রণবীর সিংয়ের কাছে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। আসলে সেই সময় তিনি '৮৩' ছবিটিতে কাজ করছিলেন। ছিলেন কপিল দেবের ভূমিকায়। মেঘনা গুলজারকে তাই তিনি 'না' করে দেন।
শাহিদ কাপুর নন, 'কবীর সিং' হিসেবে রণবীর সিংই ছিলেন ভাঙ্গারের প্রথম পছন্দ। এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, ''প্রথমে অফারটা রণবীরকেই দিয়েছিলাম। চেয়েছিলাম রোলটা ও-ই করুক। কিন্তু ও জানিয়েছিল, কেরিয়ারের এই সময়ে এমন 'ডার্ক' চরিত্রে ওই অভিনয় করতে চায় না।'' অনেকেই মনে করেন, রণবীরের অভিনয়ে একটা এমন 'প্যাশন' কাজ করে, যা 'কবীর সিং' চরিত্রটাকে একটা অন্য অ্যাঙ্গল দিতে পারত।
এবার যে ছবিটির প্রসঙ্গ, তা বক্স অফিসে সাফল্য পায়নি। ছবিটির নাম 'ভেলভেট'। এই ছবিটিও রণবীর কাপুরের আগে রণবীর সিংকেই অফার করা হয়েছিল। মাথাগরম জনি বলরাজের চরিত্রটিকে 'ধুরন্ধর' অভিনেতা আরও জীবন্ত করে তুলতেন বলে অনেকের মত। অনুরাগ কাশ্যপের এই ছবিটিকে ঘিরে হাইপ ছিল যথেষ্ট। কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়ে। রণবীর সিং নায়ক হলে তা হত না বলেই মনে করেন বহু বিশেষজ্ঞ।
সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটির অফারও ফিরিয়ে দিয়েছিলেন রণবীর সিং। ২১ জানুয়ারি ২০২৭-এ মুক্তি পাবে ছবিটি। রাজ কাপুর অভিনীত ক্লাসিক সিনেমা 'সঙ্গম'-এরই নাকি রিমেক এই ছবি। রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়া ছবিতে রয়েছেন ভিকি কৌশল। ভিকির চরিত্রটি ফিরিয়ে দেন রণবীর সিং। কিন্তু তিনি রাজি হননি। এটাও তাঁর 'ভুল' সিদ্ধান্ত বলে প্রমাণিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে আরও একটি ছবির কথা বলতেই হয়। 'ডন ৩'। অমিতাভ অভিনীত চরিত্রটিকে পরবর্তী সময়ে একেবারে নতুন মোচড় দিতে পেরেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। তাঁর জুতোয় পা গলাতে রাজি হন রণবীর সিং। ছবির টিজার মুক্তি পেতেই প্রবল ট্রোলড হন তিনি। 'ধুরন্ধর'-এর সাফল্যের পর ছেড়ে দেন ছবিটি। অনেকেই মনে করছেন চ্যালেঞ্জটা কঠিন হলেও রণবীরের কেরিয়ারে প্রচুর মাইলেজ দিতে পারত।
রণবীর তাঁর কেরিয়ারের শুরু থেকেই শক্তিশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। একের পর এক ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তবু রণবীর কাপুর, ভিকি কৌশলদের মতো সাফল্য কিছুতেই তাঁর করায়ত্ত হচ্ছিল না। যেটা 'ধুরন্ধর' মুক্তি পাওয়ার পরে হয়েছে।
বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ঝড় অব্যাহত। ১৯ মার্চ ছবি মুক্তির পর রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে রণবীরের ছবি। ‘পুষ্পা ২’কে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। প্রথম ভারতীয় ছবি হিসেবে মুক্তি পেতে চলেছে এমন এক ছবি, যার উপজীব্যই হল রণবীরদের শুটিংয়ের মুহূর্ত! শোনা যাচ্ছে, এবছরের শেষার্ধে মুক্তি পাবে ছবিটি।
সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে, সত্যিই দর্শকের প্রত্যাশা পূরণ করতে বড় পর্দায় আসবে সিনেমার তৃতীয় ভাগ? অভিনেতা রাকেশ বেদি অবশ্য জানিয়েছেন, ”আসলে প্রথম পর্ব দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করা ফলে দ্বিতীয় পর্বে কী ঘটতে চলেছে তা জানতে আগ্রহী ছিল দর্শক। এবার ঠিক একই কারণে তৃতীয় ভাগ নিয়েও উচ্ছ্বসিত ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির দর্শক। তবে আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে।”
Published By: Biswadip DeyPosted: 08:12 PM Apr 23, 2026Updated: 08:13 PM Apr 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
