Advertisement
নতুন দুনিয়ার সঙ্গে পরিচয় দেড় বছরের দুয়ার, রণবীর-দীপিকার সঙ্গে কোথায় গেল তারকাকন্যা?
দ্বিতীয় সন্তানের অপেক্ষার মাঝেই দুয়ার জীবনে নতুন ঘটনা! মাত্র দেড় বছর বয়সে কোন অভিজ্ঞতা হল রণবীর-দীপিকার ছোট্ট সোনার?
রণবীর সিং ও দীপিকা পাডুকোনের কর্মজীবনে বৃহস্পতি তুঙ্গে সে কথা তো আলাদা করে বলার প্রয়োজনই নেই। দীপিকার ঝুলিতে সিনেমার পাশাপাশি রয়েছে বিজ্ঞাপনের কাজ। অন্যদিকে 'ধুরন্ধর' রণবীরে মজে সিনেপ্রেমীরা। ব্যক্তিগতজীবনেও খুশির জোয়ার। দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন, সম্প্রতি সমাজমাধ্যমে সেই সুখবর দিয়েছেন তারকা দম্পতি।
রণবীর-দীপিকার একটা বিরাট ফ্যানবেস রয়েছে। তাঁদের জীবনের খুটিনাটি জানতে সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। তারকা জুটিও ভক্তদের কখনও নিরাশ করেন না। জীবনের সুখ দুঃখের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। লক্ষ্মীছানা দুয়াকে নিয়েও খুবই আগ্রহী 'দীপবীর' জুটির ভক্তরা। শনিবার এক নতুন দুনিয়ার সঙ্গে পরিচয় ঘটেছে দুয়ার।
রাজকন্যার জীবনের প্রথম অভিজ্ঞতা সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি। দুয়াকে নিয়ে মুম্বইয়ে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এ লাইভ শো দেখতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। পারিবারিক উদযাপনের বিশেষ মুহূর্তে দুয়ার উপস্থিতি যে মা-বাবা হিসেবে তাঁদের কাছে বাড়তি পাওনা তা বললে অত্যুক্তি হবে না।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ভিডিওতে রণবীর বলেন, "এটা আমাদের জন্য একটু বেশিই স্পেশাল। কারণ দুয়া বেবির প্রথম শো। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাদের এই সুন্দর মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিল। এই অভিজ্ঞতা সারাজীবন মনে রাখব।"
একদিকে দ্বিতীয় সন্তানের অপেক্ষা তো অন্যদিকে দুয়ার জীবনের নতুন অভিজ্ঞতা। সব মিলিয়ে বাবা মা হিসেবে আনন্দে আত্মহারা রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ২০২৪ এর ৮ সেপ্টেম্বর প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন দীপিকা। দুয়ার হাতে প্রেগন্যান্সি কিটের ছবি দিয়েই দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করেছেন দীপবীর।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, অন্তঃসত্ত্বা অবস্থাতেই আসন্ন ছবির শুটিং করবেন দীপিকা পাডুকোন। একদকে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে 'রাকা' আর শাহরুখের সঙ্গে 'কিং'। এছাড়াও ঝুলিতে রয়েছে বিজ্ঞাপনী ছবি। কাজের প্রচণ্ড ব্যস্ততায় দম ফেলার সময়টুকুও যেন নেই! আপকামিং শিডিউলে ২০২৬-এর ক্যালেন্ডার নাকি পুরো ভর্তি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যতটা পারবেন হাতের কাজ গুছিয়ে নিচ্ছেন দীপিকা। সূত্রের খবর, শুটিংয়ের প্রয়োজনে দক্ষিণ আফ্রিকা যাবেন দীপিকা। সেখানেই শাহরুখের সঙ্গে 'কিং'-এর গানের একটি দৃশ্যের শুটিংও সারবেন দীপিকা। উল্লেখ্য, প্রথম প্রেগন্যান্সিতেও শুটিং করা থেকে সিনেমার প্রচার সবটাই করেছেন বলিউডের 'মস্তানি'।
জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় শুটিং সেরে দেশে ফিরবেন। মুম্বইয়ে আল্লু অর্জুনের সঙ্গে 'রাকা'র শুটিং করবেন। দীপিকা নাকি একটানা পঞ্চাশ থেকে ষাট দিন এই ছবিতে কাজ করবেন। একইসঙ্গে বিজ্ঞাপনী ছবির কাজও সারবেন রণবীর ঘরনি।
শোনা যাচ্ছিল অন্তঃসত্ত্বার কারণে সমস্ত অ্যাকশন দৃশ্য বাদ দিয়ে 'রাকা'র চিত্রনাট্য নতুনভাবে সাজানো হবে। যদিও সেই গুঞ্জন ভুয়ো বলে দাবি করেছেন ছবির নির্মাতারা। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই উল্লেখযোগ্য, গর্ভাবস্থাতেই 'সিংহম এগেইন'-এর অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন দীপিকা। 'রাকা'র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না।
প্রেগন্যান্সিতে দীপিকা যে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই কাটাবেন সে কথা বলার অপেক্ষাই রাখছে না। দুয়ার জন্মের পর দীপিকা আট ঘণ্টা কাজের দাবিতে সরব হয়েছিলেন। এই সিদ্ধান্তের জন্য হাতছাড়া হয়েছে বেশ কিছু সিনেমাও। তবুও নিজের শর্তে অনড় অভিনেত্রী। কিন্তু, এই মুহূর্তে আট ঘণ্টার শিডিউল মেনে কাজ করবেন দীপিকা? সেই বিষয়ে আপাতত কিছু জানা যায়নি।
Published By: Kasturi KunduPosted: 04:43 PM Apr 27, 2026Updated: 04:43 PM Apr 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
