Advertisement
গিলের নাম ভাঙিয়ে জনপ্রিয় হওয়ার চেষ্টা! ভারত অধিনায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
কী বলেছেন বলিউডের এই লাস্যময়ী?
আচমকাই গুঞ্জন, শুভমান গিলের নাকি বিয়ে করছেন। পাত্রী বলিউডের অভিনেত্রী ঋধিমা পণ্ডিত। এমন খবর ভাইরাল হওয়ার পর অনেকেই আবার বলেছেন, গিলের নাম ব্যবহার করে লাইমলাইটে আসতে চাইছেন লাস্যময়ী। এবার এই জল্পনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন ঋধিমা।
গত কয়েক বছর ধরে সোশাল মিডিয়ায় ঋধিমা ও গিলকে ঘিরে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। বিশেষ করে ২০২৪ এবং ২০২৫ সালে। এমনকী তাঁদের বিয়ের খবরও রটে যায়। তবে এক সাক্ষাৎকারে সমস্ত জল্পনা উড়িয়ে ঋধিমার কথায়, তিনি বরাবরই বিতর্ক থেকে দূরে থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনা তিনি চান না।
সম্প্রতি তিনি 'দ্য ৫০' রিয়্যালিটি শোয়ে উপস্থিত ছিলেন। সেখানে শুভমানকে নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তিনি কি খ্যাতি বা অর্থের জন্য টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ব্যবহার করছেন?
তাঁর সাফ জবাব, “আমি ঋধিমা পণ্ডিত। আজ যে জায়গায় পৌঁছেছি, তার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমার কারওর প্রয়োজন নেই। একথা আমি জোর দিয়ে পারি। এসবের কিছুই সত্যি নয়। আমি একজন নন-কন্ট্রোভার্শিয়াল মানুষ। সেভাবেই থাকতে চাই। আমি কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি বা কাউকে নিয়ে খারাপ কথা বলিনি।”
ঋধিমা যোগ করেন, “একজন ক্রিকেটারের সঙ্গে একজন অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন যখন ছড়ায় তখন জনতা উত্তেজিত হয়ে ওঠে। আমি পর্দার বাইরে রোম্যান্স করি না। আসলে আমি খুবই বোরিং মানুষ। আমার সম্পর্কে খুঁড়ে বের করার মতো কোনও বিতর্কই নেই।”
এর আগে অন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গিলকে তাঁর বেশ 'কিউট' মনে হয়। তবে সেই সঙ্গে পরিষ্কার জানিয়ে দেন, তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই।
ঋধিমার কথায়, “না, আমরা ডেট করছি না। আমি শুভমানকে চিনিই না। কখনও আমাদের দেখাও হয়নি। কীভাবে এমন খবর রটল, বুঝতে পারছি না। আমি একেবারেই সিঙ্গল। হ্য়াঁ, অবশ্যই বিয়ে করতে চাই। তবে শুভমানের সঙ্গে নয়। শুভমানের সঙ্গে আমার নাম জুড়ে যেটা রটেছে, সেটা ভুয়ো।”
শুভমানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বাইরে সম্প্রতি আরেকটি বিতর্কেও খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। রিয়্যালিটি শো দ্য ৫০-এ কনটেন্ট ক্রিয়েটর বংশজ সিংয়ের সঙ্গে তাঁর তীব্র বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলেই অভিযোগ।
এই ঘটনার পর সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হন ঋধিমা। অভিনেত্রী দাবি করেন, নেটদুনিয়ায় হেনস্থার মুখে পড়েন তিনি। এমনকী ধর্ষণ এবং প্রাণনাশের হুমকিও পান।
Published By: Prasenjit DuttaPosted: 01:52 PM Mar 12, 2026Updated: 01:52 PM Mar 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
