Advertisement
শাহরুখকন্যা সুহানা থেকে দক্ষিণী সুন্দরী, ছাব্বিশে বলিউডে পা রাখবেন একঝাঁক জেন জি!
চলতি বছরে অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছে একগুচ্ছ 'ফ্রেশ' মুখ। সেই তালিকায় রয়েছেন কিং কন্যা সুহানা খান থেকে কমেডি কিং গোবিন্দার ছেলে যশবর্ধন সহ আরও অনেকে।
প্রতি বছরই সিনেদুনিয়ায় কম-বেশি নতুন মুখের আনাগোনা লেগেই থাকে। ২০২৫-এ নবাগত ও নবাগতা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার 'সাইয়ারা'র থেকে ভালো উদাহরণ এই মুহূর্তে আর কী হতে পারে? গত বছর বক্স অফিসে ব্যাপক সাড়া জাগানো ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল আহান-অনীত জুটির এই ছবি। চলতি বছরেও অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছে একগুচ্ছ নতুন মুখ। সেই তালিকায় রয়েছেন কারা?
গ্ল্যামার দুনিয়ায় কারও অভিষেক তো কেউ আবার দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে 'জাম্প' দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। কেউ আবার ওটিটি থেকে বড়পর্দায় পা রাখছেন। তালিকাটা এখানেই শেষ নয়, বলিউডে পায়ের নিচে জমি শক্ত করতে আসছেন আইটেম গান থেকে জনপ্রিয়তা অর্জন করা শ্রীলীলা। ২০২৬-এ বড়পর্দায় আত্মপ্রকাশ করার ইঁদুর দৌড়ে শামিল কারা? এক নজরে দেখে নিন সেই তলিকা।
জোয়া আখতারের 'দ্য আর্চিস'-এর হাত ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে হাতেখড়ি শাহরুখের আদুরে কন্যা সুহানা খানের। তাঁর অভিনয় দর্শকমহলেও প্রশংসিত হয়েছিল। নতুন বছরের অন্যতম আলোচিত ছবি 'কিং'-এ খোদ শাহরুখ খানের সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন। প্রথমবার রুপোলি পর্দায় বাবা-মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। সুহানার অভিনয় দর্শকের মনে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই দেখার।
দক্ষিণী সুন্দরীদের মধ্যে অন্যতম সাই পল্লবী। কলিউডে সাই পল্লবীর জনপ্রিয়তার কথা আজ আর আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। চলতি বছর নীতেশ তিওয়ারির বহু প্রতিক্ষীত 'রামায়ণ'-এর হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। 'রাম' রণবীরের স্ত্রী সীতার ভূমিকায় অভিনয় করছেন। দীপাবলিতে মুক্তি পাবে সাই পল্লবীর প্রথম বলিউড ছবি।
কলিউড থেকে বলিউডে অভিষেক ঘটতে চলেছে আরও এক দক্ষিণী বিউটি শ্রীলীলারও। পুষ্পার আইটেম গানে ঝড় তোলার পর এবার কার্তিক আরিয়ানের সঙ্গে চূড়ান্ত রোম্যান্সে মাতবেন। অনুরাগ বসুর নির্দেশনায় আদ্যোপান্ত রোম্যান্টিক ছবিতে অভিনয় করছেন শ্রীলীলা। সাম্প্রতিক অতীতে শুটিংয়ের বেশ কিছু দৃশ্যও ফাঁস হয়ে গিয়েছিল সমাজমাধ্যমে।
বলিউডের আপকামিং মাইথোলজিক্যাল ছবি 'কৃষ্ণাভাতারাম'-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটেছে সংস্ক্রুতি জায়ানার। তিন পর্বে বিভক্ত এই ছবির প্রথম ভাগ মুক্তি পাবে আগামী ৭ মে। সংস্ক্রুতি অভিনয় প্রতিভা দর্শকের মার্কশিটে কত নম্বর পায় সেটা তো সময়ের অপেক্ষা।
ওই একই ছবিতে অর্থাৎ 'কৃষ্ণাভাতারাম'-এর মাধ্যমে বড়পর্দায় এক কৃষ্ণের সঙ্গে পরিচিত হবে দর্শক। তিনি, অভিনেতা সিদ্ধার্থ গুপ্তা। ২০১৪-তে অভিনয়ে অভিষেক হয় সিদ্ধার্থের। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তবে ২০২৬-এ একেবারে নয়া অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন সিদ্ধার্থ গুপ্তা। কৃষ্ণ চরিত্রে দর্শকের মনে কেমন ছাপ ফেলবে সিদ্ধার্থর চরিত্র সেটা তো সময় বলবে। তবে এই ছবি ঘিরে দর্শক কিন্তু আশাবাদী।
বলিউডে হাতেখড়ি কমেডি কিং গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজার। সাজিদ খান পরিচালিত রমকম ছবির মাধ্যমে বিটাউনে পা রাখছেন তারকাপুত্র। এখনও পর্যন্ত ছবি সংক্রান্ত বিশেষ কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে যশবর্ধন গোবিন্দার জনপ্রিয়তাকে ছুঁতে পারেন কিনা তা দেখতে মুখিয়ে রয়েছেন সমালোচক থেকে সিনেপ্রেমী।
২০২৬-এ বলিউডে হাতেখড়ি আরও এক অভিনেতার। তিনি বিশিষ্ট অভিনেতা ইন্দ্র কুমারের ছেলে অমন ইন্দ্র কুমার। মিলাপ জাভেরির রোম্যান্টিক ছবি 'তেরা ইয়ার হু ম্যায়'তে প্রথমবার অভিনয়ের সুযোগ পেয়েছেন। বিপরীতে রয়েছেন মডেল ও অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মা।
Published By: Kasturi KunduPosted: 07:51 PM Apr 23, 2026Updated: 01:26 PM Apr 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
