Advertisement
স্প্যানিশ সুন্দরীর প্রেমে 'উচ্ছন্নে' গিয়েছে ছেলে! আর কী কেচ্ছা ফাঁস তারকা খেলোয়াড়ের মায়ের?
ভবিষ্যতের সুপারস্টার বলে ধরা হলেও ম্যাজিক হারিয়েছেন তারকা খেলোয়াড়।
প্রেমিকার জন্য ছেলে 'উচ্ছন্নে' যাচ্ছে। এমন অভিযোগ প্রায়ই তোলেন অনেক মা। এবার সেই তালিকায় নাম লেখালেন টেনিস তারকার মা। বছর কয়েক আগেও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন গ্রিসের টেনিস তারকা। কিন্তু সম্প্রতি সেরা ফর্মে নেই। তাঁর জন্য কে দায়ী? স্টেফানোস তিতিপাসের মায়ের দাবি, এর জন্য দায়ী তাঁর প্রাক্তন প্রেমিকা পাউলা বাডোসা।
২০২১ সালে ফরাসি ওপেনের ফাইনাল, ২০২৩-এ অস্ট্রেলীয় ওপেনের ফাইনাল। মনে করা হচ্ছিল, ভবিষ্যতের সুপারস্টার হয়ে উঠবেন তিতিপাস। র্যাঙ্কিংয়ে ৩ নম্বর স্থানেও উঠে এসেছিলেন। কিন্তু প্রত্যাশিত সাফল্য পাননি। এখন দাঁড়িয়ে আছেন ৭৫তম স্থানে। এর কারণ খুঁজে পেয়েছেন তিতিপাসের মা ইউয়িলা সালনিকোভা।
২০২৩-এ প্রেমকাহিনি শুরু তিতিপাস ও বাডোসার। তিনি নিজেও টেনিস তারকা। একসময় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে পৌছে যান তাঁরা। 'তিতিদোসা' নামে পরিচিত হয় তাঁদের জুটি। মাঠে তাঁদের কীর্তিকলাপ নিয়ে যত না চর্চা হয়, তার থেকে বেশি কথা হতে থাকে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে।
পাউলা জন্মসূত্রে স্প্যানিশ। তাঁর রূপের ভক্তসংখ্যা কম নয়। এদিকে লম্বা, ঝাঁকরা চুলের তিতিপাসের মহিলাভক্তও কম ছিল না। ২০২৩-এ একটা ম্যাচের পাউলার এক ম্যাচের পর তিতিপাস যোগাযোগ করেন। ক্রমে বন্ধুত্ব, প্রেম। ২০২৪-এ একদফা সম্পর্ক ভাঙে। পরে জোড়া লাগলেও ফের ২০২৫-এ বিচ্ছেদ।
এদিকে তিতিপাস টেনিস জগতে যে উচ্চতায় পৌঁছবেন ভাবা গিয়েছিল, তার ধারেকাছেও যেতে পারেননি। কেন? অন্য বিতর্ক আছে। টানা হারের পর কামব্যাক করতে পারেননি। ফিটনেস সমস্যা ছিল। তবে তাঁর মায়ের দাবি, এর নেপথ্যে আছেন পাউলা। মাঠের বাইরের প্রচারের আলোয় তিতিপাসের মনঃসংযোগ নষ্ট হয়ে যায়। এই সম্পর্ক গ্রিক তারকার জীবনে 'বোঝা'র মতো হয়ে যায়।
তিতিপাসের মা কী বলছেন? সালনিকোভা বলছেন, "সম্পর্ক টিকিয়ে রাখতে তিতিপাসকে বাড়তি চেষ্টা করতে হত। মুখে বলত সব ঠিক আছে। তবে ভিতরে ভিতরে কষ্ট জমতে শুরু করে। সম্পর্কটা ওর উপর একটা বোঝা হয়ে যায়।" তাঁর দাবি, সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি দেওয়া ও সেই জীবনযাত্রা বয়ে নিয়ে যেতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিতিপাস।
তিতিপাসের মায়ের বক্তব্য, "সবসময় একসঙ্গে ছবি তুলতে বাধ্য করত। সোশাল মিডিয়ায় সময় কাটাতে হত। সম্পর্কটা হয়ে গিয়েছিল লোক দেখানোর জন্য। প্রেম করার সময় একসঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল।" তবে অনেকের মতে, ২০২৪-এ উইম্বলডনে প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর তাঁরা সম্পর্ক ভাঙেন।
পাউলার সঙ্গে প্রেম ভাঙার পর ক্রিস্টিন থমাসের সঙ্গে প্রেম শুরু করেন তিতিপাস। ছেলের নতুন বান্ধবীকে খুব পছন্দ হয়েছে সালনিকোভার। কেন? টেনিস তারকার মায়ের বক্তব্য, "ক্রিস্টিন খুব পরিণতমনস্ক। তিতিপাসের জীবনকে ও সুখস্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিয়েছে। ও খুব মিষ্টি মেয়ে।"
তিনি বলেন, "ক্রিস্টিন টেনিসটা বোঝে। তিতিপাস তো এরকম মেয়ের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষাতেই ছিল। ওরা শুধু মেসেজ করে না। চিঠি দেওয়া নেওয়া করে। নিজের কেরিয়ার গড়ে তুলছে।" ২৭ বছর বয়সি টেনিস তারকার আপাতত লক্ষ্য ফরাসি ওপেনে মনোনিবেশ করা।
Published By: Arpan DasPosted: 09:04 PM May 11, 2026Updated: 09:04 PM May 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
