Advertisement
গ্রীষ্মের ছুটিতে খুদেকে নিয়ে বেড়াতে যাবেন? এই জায়গাগুলি হতে পারে আপনার গন্তব্য
শিশুকে নিয়ে বেড়াতে যাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনীয় খাবারদাবার, ওষুধপত্র সঙ্গে রাখতে ভুলবেন না।
ভোটের জন্য বেশ কিছু স্কুলে ইতিমধ্যে ছুটি চলছে। ভোটের ফলাফল ঘোষণার পরেই স্কুলে স্কুলে গরমের ছুটি পড়তে চলেছে। কয়েকদিনের লম্বা ছুটি মানেই বেরিয়ে পড়া। এই সময়ে বাক্সপ্যাঁটরা গুছিয়ে খুদের হাত ধরে বেরিয়ে পড়েন বহু বাবা-মা। তবে সঙ্গে সন্তান থাকলে বেড়াতে যাওয়ার জায়গা নির্বাচন। কিংবা বেড়াতে যাওয়ার ব্যাগ গোছানোর ক্ষেত্রে বিশেষ ভাবনাচিন্তা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক, ঠিক কোন কোন জায়গায় আপনারা যেতে পারেন।
হাতে ছুটি একটু বেশি সময় থাকলে আপনার গন্তব্য হতে পারে তামিলনাড়ুর কুনুর। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১ হাজার ৮৫০ মিটার উচ্চতায় অবস্থিত। সারাবছর বেশ মনোরম আবহাওয়া থাকে। তাপমাত্রা সাধারণত ৫ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকে। চা বাগান, মনোরম ট্রেকিং পথ এবং টয়ট্রেনের জন্য বিখ্যাত কুনুর। সঙ্গে রয়েছে সিমস পার্ক, ডলফিন নোজ এবং ল্যাম্বস রক। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই জায়গায় ঘোরার আদর্শ সময়।
তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার মনোরম পার্বত্য এলাকা কোডাইকানাল। পশ্চিমঘাটের পালানি পাহাড়ের ২ হাজার ২২৫ মিটার উচ্চতার এই জায়গাটি 'পাহাড়ের রানি' নামে পরিচিত। পাহাড়, জঙ্গল, জলপ্রপাতে ঘেরা এই জায়গাটিতে সন্তানকে নিয়ে ঘুরে আসতেই পারেন। বেড়াতে গিয়ে প্রকৃতির মাঝে বোটিং, ট্রেকিং, হর্স রাইডিং, সাইক্লিংয়ের মতো বিনোদনের সুযোগও পাবেন। সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে বেড়াতে যেতে পারেন।
কেরলের ইদুক্কির মুন্নারও পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি দক্ষিণ ভারতের 'কাশ্মীর' নামে পরিচিত। চা বাগান, পাহাড়, জলপ্রপাতে ঘেরা এই জায়গাটিতে ঘুরে আসতেই পারেন। এখানে গিয়ে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, মাটুপেট্টি ড্যাম, টি মিউজিয়াম, আনাইমুদি শিখর দেখে আসতেই পারেন। অ্য়াডভেঞ্চারপ্রেমীদের জন্য এই জায়গাটি কিন্তু মন্দ নয়।
লক্ষ্মণঝুলা, রামঝুলা এবং গঙ্গা আরতি সঙ্গে প্রকৃতির কোলে কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে চাইলে ঘুরে আসুন হৃষিকেশে। 'বিশ্বের যোগ রাজধানী' হিসাবে পরিচিত এই জায়গাটি। হরিদ্বার থেকে ২১ কিলোমিটার উত্তর অবস্থিত এই জায়গাটি। সাধুসন্ন্যাসী এবং পর্যটকদের প্রিয় জায়গাগুলির মধ্যে একটি হল হৃষিকেশ। অ্যাডভেঞ্চারপ্রেমী হলে হৃষিকেশে গিয়ে হোয়াইট ওয়াটার রাফটিং, ক্যাম্পিং, বাঞ্জি জাম্পিংও করতে পারেন আপনি।
সন্তানের সঙ্গে মনোরম পরিবেশে নিরিবিলিতে সময় কাটাতে চান? তবে আপনার গন্তব্য হতেই পারে উত্তরাখণ্ডের জনপ্রিয় ও মনোরম শৈলশহর নৈনিতাল। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৮৪ মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি 'হ্রদের শহর' নামে পরিচিত। লেকে বোটিং, ইয়াচিং এবং প্যাডেল বোটের সুব্যবস্থাও রয়েছে। এছাড়া রয়েছে ইকো কেভ গার্ডেন। প্রাকৃতিক এই গুহা দেখতেও ভিড় জমান অনেকেই। তাই আর দেরি না করে আজই যাওয়ার পরিকল্পনা করুন।
গুলমার্গও হতে পারে আপনার গন্তব্য। শ্রীনগর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি 'ফুলের তৃণভূমি' নামেই পরিচিত। আলপাথার লেক, খিলানমার্গ, স্ট্রবেরি ভ্যালি, বাবা ঋষির মাজার এবং বিশ্বের সর্বোচ্চ সবুজ গলফ কোর্স বিশেষ দর্শনীয়। তুষারপাতের সাক্ষী থাকলে আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ঘুরে আসতেই পারেন। তবে মার্চ থেকে জুনের মধ্যে বেড়াতে গেলে রকমারি ফুল দেখার সুযোগ পাবেন আপনি।
তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা, বৌদ্ধ মঠ এবং পরিচ্ছন্ন এমজি মার্গের মাঝে কটাদিন কাটাতে চান? তবে আপনি ঘুরে আসতেই পারেন গ্যাংটকে। সঙ্গে যেতে পারেন সোমগো লেক, নাথুলা পাস, বাঁঝাকরি জলপ্রপাত, গণেশ টোক, তাশি ভিউপয়েন্টে বেরিয়ে আসতেই পারেন। মার্চ থেকে মে মাসের মধ্যে গ্যাংটকের মনোরম আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। তবে নাথুলা পাস বা সোমগো লেক ভ্রমণের জন্য অনুমতি নেওয়া প্রয়োজন। তাই বেড়ানোর পরিকল্পনা থাকলে বেশি দেরি করবেন না।
Published By: Sayani SenPosted: 05:09 PM May 02, 2026Updated: 05:11 PM May 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
