Advertisement
রান ফর যোগা! কলকাতায় ম্যারাথনে শামিল মুখ্যমন্ত্রী শুভেন্দু, মহাকরণের সামনে যোগাসন
কর্মসূচিতে রাজ্যের অন্যান্য মন্ত্রীর পাশাপাশি শামিল হলেন লিয়েন্ডার পেজ।
যোগ দিবস উপলক্ষে কলকাতায় শুরু হয়ে গেল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতার ১১ টি জায়গা ও রাজ্যের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় ম্যারাথনের। কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'রান ফর যোগা'। কলকাতা কর্পোরেশনের সামনে কর্মসূচিতে যোগ দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মুখ্যসচিব, রাজ্যের অন্যান্য মন্ত্রী ও লিয়েন্ডার পেজ।
প্রতিবছরই কেন্দ্রের তরফে দেশজুড়ে উদযাপিত হয় যোগ দিবস। এবার বাংলায় বিজেপি সরকার গঠিত হওয়ায় রাজ্যেও বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনদিনের কর্মসূচির কথা। নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ছটায় কর্পোরেশনের সামনে জমায়েত হয়। অনুষ্ঠানের সূচনা করেন শুভেন্দু। এরপরই কর্পোরেশনের সামনে থেকে ম্যারাথনে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন লিয়েন্ডার পেজ, ইন্দ্রনীল খাঁ-সহ অন্যান্যরা।
মহাকরণের সামনে আয়োজন করা হয়েছিল যোগাসনের। কর্পোরেশন থেকে মহাকরণ পর্যন্ত ম্যারাথনের পর সেখানে যোগাসন করেন শুভেন্দু। তাতে শামিল হয়েছিলেন বহু মানুষ।
সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী বারবার স্বচ্ছ ভারতের কথা বলেছেন। কর্মসূচির অংশ হিসেবে রাজ্যজুড়ে চলছে সাফাই অভিযান। দিন কয়েক আগে নিজে হাতে গঙ্গাঘাট পরিষ্কার করেছেন শুভেন্দু। এদিনের কর্মসূচিতেও স্বচ্ছতার বার্তা দেওয়া হয়েছে। রাস্তার উপরে আলপনা দিয়ে শহর পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয়েছে।
আগামিকাল অর্থাৎ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। গঙ্গা বক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক অন্য পরিবেশ তৈরি করা হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বন্দে যোগম’। কলকাতার আকাশে উড়বে ৩ হাজার ড্রোন।
২১ তারিখ রাজ্যজুড়ে পালিত হবে যোগ দিবস। মূল অনুষ্ঠান হবে রেড রোডে। ৬.১৫ মিনিটে জমায়েত, আধ ঘণ্টা পর শুরু হবে মূল কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।” শুভেন্দু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ ভারতের অন্তর্গত স্বচ্ছ, পরিচ্চন্ন, পরিবেশ বান্ধব পরিবেশের মাধ্যমে ঐতিহাসিক কলকাতা শহরে স্বাগত জানাতে চাই। তাই সকলে নিজের এলাকা পরিষ্কার করুন।”
Published By: Tiyasha SarkarPosted: 08:56 AM Jun 19, 2026Updated: 12:54 PM Jun 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
