Advertisement
ববি-অনিলদের থেকে বেশি পারিশ্রমিক নিয়েও অ্যাকশনে বেমানান! কটাক্ষে বিদ্ধ 'আলফা' আলিয়া
যশরাজ ফিল্মসের প্রথম নারীকেন্দ্রিক স্পাই ইউনিভার্স 'আলফা'য় অভিনয়ের জন্য হৃতিক রোশন, ববি দেওল, অনিল কাপুররা কে কত পারিশ্রমিক নিলেন?
করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন'। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন, তবে এবার অ্যাকশন অবতারে কাঁপন ধরিয়েও কটাক্ষের শিকার আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের প্রথম নারীকেন্দ্রিক স্পাই ইউনিভার্স 'আলফা'য় তুখড় অ্যাকশন অবতার ধরা দিয়েছেন তিনি। আর সেটা নিয়েই সমালোচনার শিকার আলিয়া। কেন?
খবর, 'আলফা' সিনেমার জন্য কারি কারি টাকা নিয়েছেন আলিয়া। নায়িকার অ্যাকশন হোমওয়ার্ক দেখে প্রশংসা করেছিলেন ববি দেওলও। হৃতিক, শাহরুখ-সলমন থেকে ক্রীড়াদুনিয়ার ব্যক্তিত্বরাও প্রশংসায় ভরান। কিন্তু ট্রেলার মুক্তি পেতেই নিন্দুকদের আতশকাচে আলিয়ার অ্যাকশনের মারপ্যাঁচ। তাঁদের কথায়, 'অ্যাকশন অবতারে মোটেই মানায়নি আলিয়া ভাটকে!' কারও কটাক্ষ, অ্যাকশনের জন্য যেহেন দীর্ঘাঙ্গী নায়িকা দরকার, আলিয়া তেমন একেবারেই নন।'
এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন। কানাঘুষো, 'আলফা'র জন্য ২০ কোটি টাকা নিয়েছেন কাপুরদের বউমা। যা কিনা ববি দেওল, অনিল কাপুরদের মতো সিনিয়র অভিনেতাদের পারিশ্রমিকের থেকে কয়েকগুন বেশি। ট্রেলারে 'আলফা' অবতারে ববি-অনিলরা ইতিমধ্যেই প্রশংসা অর্জন করেছেন। আর সে প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, 'আলিয়া কি ওদের মতো দক্ষ তারকাদের থেকেও মহার্ঘ্য?'
কারণ, নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে সিনেদুনিয়ায় দীর্ঘদিন ধরেই বিতর্ক! অভিযোগ, অভিনেতারা অভিনেত্রীদের থেকে অনেক বেশি সুযোগ-সুবিধে, পারিশ্রমিক পান। সেখানে মাত্র দশ বছরের ফিল্মি কেরিয়ারে কী করে ববি-অনিলদের থেকে পারিশ্রমিক হাঁকালেন আলিয়া ভাট? এহেন প্রশ্নেই সরগরম সিনেপাড়া থেকে নেটভুবন! বলিউড মাধ্যম সূত্রে খবর, 'আলফা'য় খলচরিত্রে অভিনয়ের জন্য ববি দেওল ৬ কোটি টাকা নিয়েছেন।
যশরাজ ফিল্মসের প্রথম নারীকেন্দ্রিক স্পাই ইউনিভার্সে ইন্টেলিজেন্স অফিসারের ভূমিকায় অভিনয়ের জন্য অনিল কাপুরও ৬ কোটি টাকা নিয়েছেন বলেই খবর। ট্রেলারে 'ভিলেন' ববি দেওলের সম্মুখ সমরে দেখা গিয়েছে অনিলকে। যে পারফরম্যান্স দেখে অনিল কাপুরের চরিত্র নিয়ে দর্শকমহলে কৌতূহলের অন্ত নেই। সেই সারপ্রাইজ যদিও ৩ জুলাই সিনেপর্দায় ফাঁস হবে, তবে চমক এখানেই শেষ নয়!
যশরাজের ট্রেন্ড অনুযায়ী, ‘পাঠান’, ‘টাইগার’ হোক বা ‘ওয়ার’, প্রত্যেক ছবিতেই নিজস্ব গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য চরিত্রগুলিকে ক্যামিও অবতারে সারপ্রাইজ হিসেবে রাখা হয়। সেই প্রেক্ষিতে ‘আলফা’য় শাহরুখ কিংবা সলমনকে দেখার আশায় চাতক পাখির দশা হয়েছিল দর্শকমহলের! কিন্তু ট্রেলারের শেষপাতে আসল খেল দেখিয়ে বাজিমাত করলেন হৃতিক রোশন। ফিসফাস, শুধু ক্যামিও চরিত্রের জন্য ৪ কোটি টাকা নিয়েছেন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 07:57 PM Jun 17, 2026Updated: 07:57 PM Jun 17, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
