Advertisement
বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে, আহমেদাবাদ রুটে বিশেষ বিমান, চলছে স্পেশাল ট্রেনও
রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে।
২০২৩-র ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রোহিত বাহিনী হেরে যাওয়ার পর থেকেই ‘অপয়া’ নামে কুখ্যাত নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রবিবার ফাইনালের সূর্যকুমারদের সামনে নিউজিল্যান্ড। 'ফাঁড়া' কাটিয়ে সেই ম্যাচে জিতলে টানা দ্বিতীয়বার ফাইনাল জিতে নজির গড়বে ভারত। তাছাড়াও দেশের মাটিতেও বিশ্বকাপ জেতা প্রথম দল হিসাবে রেকর্ড বুকে নাম তুলবেন সূর্যকুমাররা।
রবিবারের সেই মেগা ফাইনাল দেখতে এখন থেকেই সমর্থকদের ঢল। ক্রিকেটপ্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। রেকর্ড সংখ্যক দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। এমনকী অনেকেই আচমকা আহমেদাবাদ যাবেন বলে স্থির করেছেন।
'ভারতের ম্যাঞ্চেস্টারে' পৌঁছতে তাঁদের যাতে অসুবিধা না হয়, সেই কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। চাহিদা বৃদ্ধির কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল বিমান সংস্থাই নয়, বিশেষ ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং আকাসা এয়ারলাইন্স শুক্রবারই আহমেদাবাদ রুটে বিশেষ বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর থেকেই বিমানের টিকিটের চাহিদা আকাশছোঁয়া। তার পরেই বাড়তি বিমান পরিষেবার ঘোষণা করে বিমান সংস্থা। নিজস্ব চিত্র।
এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের কথা ভেবে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই এবং হায়দরাবাদ থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য বাড়তি বিমান চালানো হবে। এখানে আসার চাহিদা আচমকা বেড়ে গিয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। পরে পরিস্থিতি অনুযায়ী আসন এবং বিমান সংখ্যা আরও বাড়ানো হতে পারে।"
আকাসা এয়ারলাইন্স জানিয়েছে, ৮ এবং ৯ মার্চ মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে সরাসরি বিমান পরিষেবা দেবে তারা। পাশাপাশি যাত্রীরা যাতে বিমানে বসে ম্যাচের আবহ অনুভব করতে পারে, সেই পরিকল্পনাও করেছে তারা। স্কাইস্কোর ফিচারের মাধ্যমে যাত্রীরা বিমানে বসেই ম্যাচের লাইভ আপডেট জানতে পারবেন।
তাছাড়াও ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে মুম্বই থেকে আহমেদাবাদের মধ্যে দু'টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষিত হয়েছে। এর জন্য বিশেষ ভাড়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি ট্রেন ম্যাচের দিন, ৮ মার্চ চলবে। ক্রিকেটপ্রেমীরা যাতে যথাসময়ে স্টেডিয়ামে পৌঁছতে পারেন, সেই মতোই ট্রেনের সময় নির্ধারিত হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে বেশ খোশমেজাজে দেখা যায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তিনি বলেন, “এই দলে ব্যক্তিগত মাইলস্টোনের চেয়ে দলের লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। কেউ ১০০ রান করুক বা কেউ ৭ বলে ২০ রান করুক, দলের জন্য অবদানটাই আসল।”
আহমেদাবাদের পিচে কত রান উঠবে, এই প্রশ্নে ভারত অধিনায়কের উত্তর, আগে থেকে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে নামতে চান না তাঁরা। “পিচ যেমন আচরণ করবে, সেভাবেই খেলব। ২০০-২৫০ রান ভালো স্কোর হতে পারে। কিন্তু সবকিছু নির্ভর করবে উইকেটের উপর,” জানান সূর্যকুমার। শনিবার অনুশীলনের প্রায় ৩০-৪০ মিনিট আলোচনা করতে দেখা গেল অভিষেক-গম্ভীরকে। তাঁর ফর্ম বিশ্বকাপে বেশ ভুগিয়েছে। ফাইনালে 'শর্মাজি কা বেটা'র ব্যাটে ঝড় উঠুক, চায় দল। নেটে তাঁকে বড় শট খেলতে দেখা গেল। অনুশীলন দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন অভিষেকের বাবা রাজকুমার। অন্যদিকে, হালকা অনুশীলন করেন বরুণ চক্রবর্তী। তবে গত দুই ম্যাচের হিরো সঞ্জু স্যামসন ব্যাট করলেন না। তাঁকে ফুটবল খেলতে দেখা গেল। আর বাঁহাতি ব্যাটারদের দেখা গেল বেশি করে স্পিন খেলতে। নিজস্ব চিত্র।
যদিও আহমেদাবাদের পিচ নিয়ে এখন ধোঁয়াশা রয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেল, ফাইনালের বাইশ গজ কীরকম হবে, এখনও চূড়ান্ত হয়নি। চারটে উইকেট তৈরি রাখা হচ্ছে। যার মধ্যে একটা কালো মাটির উইকেটও রয়েছে। তবে এই ম্যাচেও শিশির বড় একটা ফ্যাক্টর হতে পারে। শনিবার অনুশীলনের ফাঁকে সূর্যকুমার পিচ দেখতে গেলেন। কিউরেটরের সঙ্গে কথাও বললেন। মাঝে কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে আলোচনাও করলেন। নিজস্ব চিত্র।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবেন। বাস্তবেও সেটাই হয়। তারপর থেকে বহুবার ভারতকে ‘চুপ করিয়ে দেব’ হুমকি দিয়েছে বিপক্ষ। স্যান্টনার অবশ্য চুপ করানোর চেয়েও নির্দয় বার্তা দিলেন। ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “ট্রফি জেতার জন্য ছোটখাট চেষ্টাগুলোও করন। ট্রফি জেতার জন্য কিছু হৃদয় ভাঙতে হলেও সমস্যা নেই।”
Published By: Prasenjit DuttaPosted: 09:46 PM Mar 07, 2026Updated: 12:08 AM Mar 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
