Advertisement
বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, এআই স্ক্যান থেকে ‘ট্রাইওন্ডা’ বল, ফুটবলে আসছে প্রযুক্তির বিপ্লব
কেমন প্রযুক্তির ব্যবহার হতে চলেছে আসন্ন বিশ্বকাপে?
আর মাত্র ৪০ দিন। ফুটবল বিশ্বের নজর থাকবে উত্তর আমেরিকায়। কারণ, ইতিহাসে প্রথমবার ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে আয়োজিত হবে এই মেগা টুর্নামেন্ট। আয়তন, প্রযুক্তি এবং আয়োজনের দিক থেকে এই বিশ্বকাপকে ইতিমধ্যেই ইতিহাসের অন্যতম বৃহত্তম আসর হিসাবে দেখা হচ্ছে।
এবারের বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহারেও আসছে বড়সড় পরিবর্তন। ভিএআর সিদ্ধান্তকে আরও নির্ভুল ও দ্রুত করতে প্রতিটি ফুটবলারের থ্রি-ডি ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের নড়াচড়া, শরীরের অবস্থান ও বলের গতিপথ আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। ফলে অফসাইড, ফাউল কিংবা বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে রেফারিদের কাজ অনেকটাই সহজ হবে।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। প্রতিটি দলে থাকবেন ২৬ জন করে ফুটবলার। সেই হিসাবে মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১,২৪৮। প্রযুক্তিনির্ভর এই বিশ্বকাপে প্রত্যেক ফুটবলারেরই আলাদা ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। এআই-ভিত্তিক এই থ্রি-ডি প্রতিরূপ ম্যাচ পরিচালনা, ভিএআর বিশ্লেষণ এবং বিভিন্ন টেকনিক্যাল সিদ্ধান্তকে আরও নিখুঁত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ফুটবলারদের শরীরে নিখুঁত মাপ নিয়ে এই ডিজিটাল স্ক্যান তৈরি হবে। এতে দ্রুত নাড়াচাড়া ধরা পড়বে। সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লেকে আরও নিখুঁত করে তোলাই এর লক্ষ্য। এর ফলে অফসাইড, ফাউল বা গোলসংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্তে ভুলের সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে ফুটবলারদের ছবি তোলা হবে? প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে একটা বিশেষ চেয়ার। স্ক্যান করার সময় সেখানে বসতে হবে। মাত্র এক সেকেন্ডের মধ্যে স্ক্যানের কাজ শেষ করতে হবে। একবারই হবে এই স্ক্যান। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ফটোশুটের সময়েই সম্পন্ন হবে এই কাজ। এই স্ক্যানের ফলে দ্রুত মুভমেন্ট তো বটেই, বাধাগ্রস্ত অবস্থাতেও নির্ভুলভাবে তাঁদের গতিবিধি ধরা পড়বে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে ‘লোকাল ক্লাইমেট অ্যাডভান্টেজ’-এর বড় প্রভাব। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচে আয়োজক মেক্সিকো স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পেতে চলেছে উচ্চতা ও আবহাওয়ার কারণে।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উঁচুতে অবস্থিত মেক্সিকো সিটির পরিবেশে খেলা সহজ নয়। এত উঁচুতে খেলা বলে এখানকার হাওয়ায় গতি, স্ট্যামিনা এবং বলের মুভমেন্ট - সব কিছুর উপরই প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে এই পরিবেশে খেলার অভিজ্ঞতা থাকায় মেক্সিকোর ফুটবলাররা অনেকটাই মানিয়ে নিতে পারবেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের জন্য শুরু থেকেই মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে।
বিশ্বকাপের ইতিহাসে আয়োজক দেশের স্থানীয় আবহাওয়া বা ভৌগোলিক সুবিধা বহুবার ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যদিও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই বিষয়টি প্রায়ই গুরুত্ব পায় না। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেই ‘লোকাল ক্লাইমেট অ্যাডভান্টেজ’ বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
কানাডা নিজেদের মাটিতে বিশ্বকাপ অভিষেক ঘটাচ্ছে। মেক্সিকো এবং আমেরিকার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। গ্রুপ বি-তে তাদের সঙ্গে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড। ১২ জুন টরন্টোতে কানাডা তাদের প্রথম ম্যাচ খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে। মোট ১৩টি ম্যাচ হবে কানাডায়। টরন্টো স্টেডিয়াম (বিএমও ফিল্ড) এবং ভ্যাঙ্কুভারের বচ প্লেসে খেলাগুলো হবে। এর আগে দেশটি ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছিল।
২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’ তৈরি করেছে অ্যাডিডাস। তিন আয়োজক দেশকে সম্মান জানিয়ে তৈরি এই ৪-প্যানেলের বলে রয়েছে ডিপ-সিম প্রযুক্তি ও ৫০০ হার্ৎজ মোশন সেন্সর। ভিএআর সিদ্ধান্তকে আরও নির্ভুল করতে এই বলেরও ভূমিকা থাকবে। দ্রুত সিদ্ধান্তে সহায়তার পাশাপাশি বাতাসে বলের স্থিতিশীলতাও বাড়াবে ‘ট্রাইওন্ডা’। ফিফা ও অ্যাডিডাসের দাবি, দীর্ঘ গবেষণা ও পরীক্ষার পরই এই প্রযুক্তি আনা হয়েছে।
আমেরিকার বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড তৈরির সম্ভাবনা রয়েছে। যে স্টেডিয়ামগুলোয় ম্যাচ আয়োজিত হবে, সেখানকার গড় দর্শক ধারণক্ষমতা ৭০ হাজারের বেশি। ফলে গ্রুপ পর্বের অনেক ম্যাচেই ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকতে পারেন। এমন পরিবেশ সাধারণত বিশ্বকাপ ফাইনালেই দেখা যায়! যা এবার প্রতিযোগিতার শুরু থেকেই মিলতে পারে।
Published By: Prasenjit DuttaPosted: 05:39 PM May 07, 2026Updated: 07:56 PM May 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
