Advertisement
সাদা-কালো-সবুজে রঙিন একুশের তারকা সমাবেশ, নজর কাড়লেন কারা?
একুশের সভা থেকে একনজরে দেখে নিন তারকাদের নানা মুহূর্ত।
দলের শীর্ষ নেতা-নেত্রীদের পাশাপাশি ফি বছরের মতো এবারও শহীদ স্মরণ সভায় টলিপাড়ার তারকা সমাবেশের দিকে নজর ছিল। আর যেখানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার ব্যক্তিত্বরা, সেখানে যে তাঁদের সাজপোশাক নিয়ে যে আলাদা করে চর্চা হবে, তা বলাই বাহুল্য। একুশের সভাতে যোগ দেওয়া তারকাদের ক্ষেত্রেও তার অন্যথা হল না।
এদিন ‘প্রিয় দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সমাবেশে যোগ দিয়েছিলেন টলিপাড়ার সিনেপর্দা, ছোটপর্দা মিলিয়ে প্রায় শতাধিক তারকা। সেই তালিকায় শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রের মতো তারকা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন।
দেখা গেল ভরত কল, তৃণা সাহা, দেবলীনা কুমার, সোহেল-তিয়াশা, সৌমিতৃষা কুণ্ডু, সৌরভ বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে।
একুশের জন্য টলিউড তারকাদের শ্বেতশুভ্র সাজপোশাক লক্ষণীয়। সিংহভাগ তারকার পরনে সাদা পোশাক। কেউ বা আবার দলের রঙে নিজেদের রাঙিয়েছেন সবুজে পোশাকে।
লাল-সাদা শিফন শাড়িতে ঝলমলে শতাব্দী রায়। বাবুল সুপ্রিয় বেছে নিয়েছিলেন সবুজ কুর্তা আর গলায় ধূসর উত্তরীয়। হুগলির 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল, ছাই রঙা শাড়িতে। তাতে রেশমি পাড়ওয়ালা হলুদ সুতোর লতাপাতার নকশা কাটা। আলাদা করে নজর কাড়ল তাঁর 'বয়েস কাট' হেয়ারস্টাইল।
তবে তারকা সাংসদ দেবকে দেখা গেল কালো পোশাকে। অন্যদিকে ক্যামেরার লেন্সে ধরা পড়ল বিধায়ক রাজ চক্রবর্তীর সাদা হাওয়াই চপ্পল।
Published By: Sandipta BhanjaPosted: 08:33 PM Jul 21, 2025Updated: 08:33 PM Jul 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
