Advertisement
তারুণ্যের ভিড়ে এক্স ফ্যাক্টর রোনাল্ডোই, অধরা ট্রফির লক্ষ্যে কেমন দল বানাল পর্তুগাল?
সিআর৭-এর ট্রফি জয়ের খিদে দলকে বাড়তি অনুপ্রেরণা দিতে পারে।
প্রথমবার ৪৮ দেশের বিশ্বকাপ। ফুটবলের মহাযুদ্ধে কে হবে বিশ্বজয়ী? কী হবে হট ফেভারিট দেশগুলোর রণকৌশল? কেমন হতে পারে সেরা একাদশ? শক্তি-দুর্বলতাই বা কী? চুলচেরা বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ আলোচনায় পর্তুগাল।
গ্রুপ ও প্রতিপক্ষ: বিশ্বকাপে পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (১৭ জুন), উজবেকিস্তান (২৩ জুন) এবং কলম্বিয়া (২৮ জুন)।
স্কোয়াড: দিওগো কোস্তা, রুই সিলভা, রিকার্ডো ভেলহো, হোসে সা (গোলরক্ষক)। টোমাস আরাউখো, জোয়াও কানসেলো, দিয়োগো দালো, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, ম্যাথেউস নুনেস, নেলসন সেমেদো, রেনাতো ভেগা (রক্ষণভাগ)। কোস্তা, জোয়াও নেভেস, ব্রুনো ফের্নান্দেস, রুবেন নেভেস, বের্নার্দো সিলভা, ভিটিনহা (মাঝমাঠ)। জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো কনসেসাও, গনসালো গেজেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, গনসালো রামোস, ফ্রান্সিসকো ত্রিনসাও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ফরোয়ার্ড)। কোচ: রবার্তো মার্টিনেজ।
সম্ভাব্য একাদশ: দিওগো কোস্তা, জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস, ভিটিনহা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শক্তি: ‣ মাঝমাঠে ভারসাম্য: ব্রুনো ফের্নান্দেস, ভিটিনহা ও জোয়াও নেভেসকে নিয়ে মিডফিল্ড। আক্রমণভাগে রোনাল্ডো বড় ভরসা। তাঁর নেতৃত্বগুণ বড় অস্ত্র। ‣ বেঞ্চেও সমান ভরসা: শুধু প্রথম একাদশ নয়, রিজার্ভ বেঞ্চেও বিকল্প হিসাবে মানসম্মত ফুটবলার। তাই প্রয়োজন অনুযায়ী কৌশল বদলানো সহজ। ‣ দুরন্ত দুই উইং: রাফায়েল লিয়াও এবং পেদ্রো নেতোর মতো উইঙ্গাররা রয়েছে। যখনই নামবেন, গতি-ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের রক্ষণে বড় চ্যালেঞ্জ তৈরি করতে সিদ্ধহস্ত।
দুর্বলতা: ‣ কোচের একমাত্রিক ফুটবল: রোনাল্ডো ভরসার নাম হলেও তাঁর বয়স ৪১। গনসালো রামোসও নিয়মিত খেলেননি। সেন্টার ফরোয়ার্ডে বিকল্প কম। এই অবস্থায় কোচের একমাত্রিক ফুটবলে সমস্যা তৈরি হতে পারে। ‣ রক্ষণে রসায়নের অভাব: রুবেন দিয়াস ও আন্তোনিয়ো সিলভার মান নিয়ে প্রশ্ন নেই। তবে পুরো ডিফেন্সে বোঝাপড়ার অভাব। ‣ ফর্ম নিয়ে উদ্বেগ: রাফায়েল লিয়াও ও পেদ্রো নেতো ক্লাব ফুটবলে ধারাবাহিক ছিলেন না।
এক্স ফ্যাক্টর: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে চলেছেন। ক্লাব আর দেশের জার্সিতে পর্তুগিজ মহাতারকার উপস্থিতি তারকাখচিত হলেও, বিশ্বকাপে তেমন উজ্জ্বল নয় তাঁর পরিসংখ্যান। ২২ ম্যাচে করেছেন মাত্র ৮ গোল, সেরা পারফরম্যান্স চতুর্থ হওয়া। প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের পাঁচ সংস্করণে গোল করা রোনাল্ডোর বিশ্বজয়ী হওয়ার এটাই শেষ সুযোগ। তাঁর উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।
রণকৌশল: পর্তুগালকে এবার বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার হিসাবে দেখা হচ্ছে। কোচ রবার্তো মার্টিনেজও স্বপ্ন দেখছেন শিরোপার। ইউরো জয়ী দলের একমাত্র সদস্য হিসাবে আছেন রোনাল্ডো। গত বছর নেশনস লিগ জিতে আত্মবিশ্বাসী পর্তুগাল। ৪-২-৩-১ বা ৪-৩-৩ ছকে খেললেও তাদের মূল লক্ষ্য বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করা।
সম্ভাবনা: রোনাল্ডোর শেষ বিশ্বকাপ অভিযান। ট্রফি জয়ের তীব্র খিদে দলকে বাড়তি অনুপ্রেরণা দিতে পারে। এবং এটাই পর্তুগালের বড় ভরসা। কোচ রবার্তো মার্টিনেজের গেমপ্ল্যানে বৈচিত্র ও শক্তিশালী বেঞ্চও বড় সম্পদ। ব্রুনো, ভিটিনহা ও বের্নার্দো সিলভার উপস্থিতি মাঝমাঠকে সমৃদ্ধ করেছে। তবে গ্রুপ পর্বে কলম্বিয়া, কঙ্গো ও উজবেকিস্তান পর্তুগালের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।
Published By: Prasenjit DuttaPosted: 04:30 PM Jun 06, 2026Updated: 10:46 PM Jun 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
