Advertisement
বাদশার দ্বিতীয় বিয়ে নিয়ে ফিল্মিদুনিয়ায় ফিসফাস! র্যাপারের নতুন বউয়ের পরিচয় জানলে চমকে যাবেন!
'টাটেরি' বিতর্কের মাঝেই দ্বিতীয়বার বিয়ে করে লাইমলাইটে বাদশা। জ্যাসমিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে নাম জড়িয়েছিল বাদশার। কিন্তু এবার ব়্যাপারের দ্বিতীয় বিয়ের ছবি যেন 'ধূমকেতু'র মতো ঠেকল ভক্তমহলের কাছে। দাম্পত্যের নতুন অধ্যায়ের শুভ সূচনা করলেন ‘কন্ট্রোভার্সি কিং’ বাদশা।
র্যাপারের দ্বিতীয় স্ত্রী'র ছবি প্রকাশ্যে আসতেই পাঞ্জাবি সুন্দরীর ঠিকুজি-কুষ্ঠির খোঁজে নেটভুবন তোলপাড় করে ফেলেছেন অনুরাগীরা। জানা গিয়েছে, বাদশার নতুন বউয়ের নাম ইশা রিখি। কী করেন তিনি?
এই ইশা পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। ২০১২ সালে 'জট অ্যান্ড জুলিয়েট' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। যদিও সেই সিনেমায় তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বেশি ছিল না। তবে এই সিনেমার সুবাদেই পাঞ্জাবি ইন্ডাস্ট্রির পরিচালক-প্রযোজকদের নজরে পড়েন তিনি।
পরবর্তীতে 'জাট বয়েজ পুত্ত জত্তান দে' নামের এক সিনেমায় সিপ্পি গিলের বিপরীতে অভিনয় করেছিলেন ইশা রিখি। তারপর আর এই পাঞ্জাবি সুন্দরীকে ফিরে তাকাতে হয়নি। এরপর ‘হ্যাপি গো লাকি’ এবং ‘হোয়াট দ্য জাট' এই দুই সিনেমার সুবাদে রাতারাতি তারকা পরিচিতি গড়ে ওঠে ইশার।
জানা যায়, বিগত কয়েক বছর ধরে পাঞ্জাবি ছবিতে অভিনয় করে আঞ্চলিক সিনেমায় নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন ইশা। উল্লেখ্য, বাদশার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দর্শকমহলেও কিন্তু কৌতূহলের অন্ত নেই। পরের গন্তব্য বলিউড।
ইশা 'নবাবজাদে' ছবির মাধ্যমে হিন্দি সিনেদুনিয়ায় পা রাখেন। যেখানে রাঘব জুয়াল এবং পুনিত পাঠকের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। ছবিটিতে বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর এবং বাদশাও বিশেষ চরিত্রে ছিলেন।
শোনা যায়, ২০২১ সাল থেকে বাদশার সঙ্গে ইশা রিখির বন্ধুত্ব গাঢ় হয়। এরপরই প্রেমের শুরুয়াত। এবার ২৪ মার্চ সাতপাকে বাঁধা পড়লেন বাদশা-ইশা।
জানা যায়, একুশ সাল থেকেই একাধিক অনুষ্ঠানে বাদশার সঙ্গে ইশা রিখিকে দেখা গিয়েছিল। কিন্তু সেসময়ে তাঁকে সেভাবে চর্চা হয়নি। একাংশ বলেছিলেন ইশা বাদশার ভালো বন্ধু। কেউ বা প্রেমের আঁচ টের পেয়েছিলেন!
Published By: Sandipta BhanjaPosted: 09:48 PM Mar 25, 2026Updated: 09:48 PM Mar 25, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
