Advertisement
মদ্যপ অবস্থায় মারধর অমিত মিশ্রর! পণ চেয়ে অকথ্য অত্যাচার, বিস্ফোরক অভিযোগে থানায় স্ত্রী গরিমা
বিয়ের সময় হন্ডা সিটি গাড়ি এবং ১০ লক্ষ টাকা চেয়েছিল উত্তরপ্রদেশের ক্রিকেটারের পরিবার। তারপর পণের দাবি বাড়তে থাকে।
মদ্যপ অবস্থায় মারধর। দিনের পর দিন খেতে না দিয়ে অকথ্য অত্যাচার। এখানেই শেষ নয়, পণ চেয়েও লাগাতার চাপ দেওয়া হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল ক্রিকেটার অমিত মিশ্রের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত ক্রিকেটারের স্ত্রী গরিমা তিওয়ারি। তাঁর অভিযোগ, ২০২১ সালে ক্রিকেটার অমিত মিশ্রর সঙ্গে বিয়ে হয়। তারপর থেকেই শুরু হয় লাগাতার শারীরিক এবং মানসিক নির্যাতন।
কেবল ক্রিকেটার নন, তাঁর গোটা পরিবারের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছেন গরিমা। সেখানে রয়েছে অমিতের মা বীণা, বাবা শশিকান্ত, ভাই অমর, বউদি ঋতু এবং বোন স্বাতীর নাম।
আদালতে অভিযোগ করতে গিয়ে গরিমা জানিয়েছেন, ২০১৯ সালে অমিতের সঙ্গে আলাপ হয় তাঁর। ইনস্টাগ্রামে পরিচয় থেকে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। ২০২১ সালের ২৬ এপ্রিল বিয়ে হয় তাঁদের।
গরিমার অভিযোগ, বিয়ের সময়ই অমিতের পরিবারের তরফ থেকে বিশাল অঙ্কের পণ চাওয়া হয়েছিল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হন্ডা সিটি গাড়ি দিতে হবে।
১০ লক্ষ টাকাও পণ চায় অমিতের পরিবার। বিয়ের সময় কোনওক্রমে আড়াই লক্ষ টাকা তুলে দেয় গরিমার পরিবার। কিন্তু বিয়ের পর থেকেই পণ চেয়ে অত্যাচারের মাত্রা বাড়ে।
৩৫ বছর বয়সি মডেল জানিয়েছেন, মদ্যপ অবস্থায় একাধিকবার তাঁকে মারধর করেছেন অমিত। অকথ্য ভাষায় গালিগালাজ করা হত। দিনের পর দিন খেতেও দেওয়া হয়নি।
বিয়ের আগে গরিমা পেশায় মডেল ছিলেন। মডেলিং করে যা কিছু উপার্জন ছিল গরিমার থেকে সেটাও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বারবার বিবাহবিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছেন রাজস্থান রয়্যালসে খেলা ক্রিকেটার।
লাগাতার মানসিক হেনস্তা এবং অমিতের চাপে মডেলিং ছাড়তে বাধ্য হন গরিমা, এমনটাই অভিযোগ। অবসাদে ভুগে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 05:43 PM Mar 12, 2026Updated: 05:43 PM Mar 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
