Advertisement
২৬/১১-র মুম্বই হামলায় কাসভের 'পাশে', সেই ক্রিকেটারই কেন রোহিতদের 'মাথায়'? তুঙ্গে বিতর্ক
আবার এই প্রাক্তন ক্রিকেটারই বৈভব সূর্যবংশীর 'আবিষ্কর্তা'।
গত কয়েকবছরে একেবারে সাফল্য নেই। দলের মধ্যে হাজারও গন্ডগোল। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ছাড়ব ছাড়ব করছেন। সেই সমস্যার সমাধান করতে নতুন সই মুম্বই ইন্ডিয়ান্সের। কাকে সই করাল ৫ বারের আইপিএল জয়ীরা? এমন একজন, যাঁর নামের সঙ্গে জড়িয়ে ২৬/১১ ঘটনা। যিনি কি না মুম্বই হামলার মূল অভিযুক্ত আজমল আমির কাসভের সাজাঘোষণার সময় বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন।
সেই জুবিন ভারুচাই এবার মুম্বই ইন্ডিয়ান্সের 'প্রধান'। একসময় মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন। রনজিও জিতেছেন। যুবরাজ সিংয়ের 'গুরু' ছিলেন। আবার বৈভব সূর্যবংশীর আবিষ্কারের নেপথ্য কারিগরও ছিলেন। সেই জুবিনকে বসিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মা-জশপ্রীত বুমরাহদের মাথায়। দলের গন্ডগোল সামলাবেন কী, তাঁকে নিয়ে অসন্তুষ্ট মুম্বই সমর্থকরা।
যে ঘটনা মুম্বই ও ভারতের বুকে দগদগে ঘা-এর মতো, সেখানে জুবিনের ভূমিকা নিয় উঠছে প্রশ্ন। কীভাবে কাসভের সঙ্গে জড়িয়ে গেল জুবিনের নাম? সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, 'দলের পারফরম্যান্স প্রধান হিসেবে জুবিন যুক্ত হচ্ছেন। বর্তমানে মুম্বইয়ের সমস্ত বিভাগের সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করবেন। খেলোয়াড়দের উন্নতিদের সাহায্য করে তিনি মুম্বইয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন।'
তবে তাঁর আসল কাজ হবে ক্রিকেটারদের জন্য যোগাযোগ ও শৃঙ্খলা বজায় রাখা। পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার কাজও থাকবে। যেখানে সঙ্গে পাবেন মুম্বইয়ের সহকারী কোচ পরশ মামব্রেকে। কিন্তু বিতর্ক কেন? তার জন্য ফিরে যেতে হবে ২০১২ সালে। তার চার বছর আগে মুম্বইয়ে হানা দেয় পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তইবার জঙ্গিরা। ১৬৬ জন নিহত হন, আহতের সংখ্যা ৩০০-র বেশি। ধরা পড়ে যায় অন্যতম জঙ্গি আজমল আমির কাসভ।
ভারতের বিরুদ্ধে যুদ্ধঘোষণা সহ আরও ৮০টি অপরাধের অভিযোগে তার ফাঁসির সাজা ঘোষণা করা হয়। প্রথমে বোম্বাই হাইকোর্ট ও পরে মহামান্য সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে। ২০১২ সালে তাঁর ফাঁসি হয়। কিন্তু অনেকেই চাননি কাসভের ফাঁসি হোক। ২০০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের পক্ষ থেকে কাসভের ক্ষমার আবেদনে স্বাক্ষর করেন। যেখানে আবেদন করা হয়, চরম দণ্ডের বদলে কাসভের যাবজ্জীবন কারাদণ্ড হোক।
আর এই ২০০ জনের মধ্যে একজন ছিলেন জুবিন ভারুচা। কাসভের যাতে ফাঁসি না হয়, সেই জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আবেদন করেন। তবে সেই আবেদনে কর্ণপাত করা হয়নি। ভারুচাকে নতুন দায়িত্ব নিতেই সেই প্রসঙ্গ ফিরে এসেছে। নেটিজেনদের প্রশ্ন, কাসভ-'প্রেমী' ভারুচাকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হল? তাও এমন একটা শহরের, যারা আজও ভয়ানক স্মৃতি ভুলতে পারেননি। অনেকে মুম্বই ইন্ডিয়ান্সকে ধিক্কার জানাচ্ছেন।
ক্রিকেটীয় বুদ্ধির কারণে মুম্বইয়ের ক্রিকেটমহলে জনপ্রিয় হলেও, অতীতের কাণ্ডের জন্য ভারুচাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। এর আগে ২০০৮-এ রাজস্থান রয়্যালসের কোচ হন। মাঝে দিল্লি ডেয়ারডেভিলসের টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন। পরে ফের রাজস্থানে যোগ দেন। বৈভব সূর্যবংশীকে আবিষ্কারের কৃতিত্ব দাবি করতে পারেন। আবার সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়ালের মতো তারকার মেন্টর ছিলেন।
Published By: Arpan DasPosted: 04:46 PM Aug 26, 2026Updated: 04:46 PM Aug 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
