সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টের শুরুর দিন থেকেই তিনি দারুণ ছন্দে। এবার ডেনমার্কের মাটিতে সেখানকার ঘরের ছেলে ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়েই চমক দিলেন ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্ত। বিশ্বচ্যাম্পিয়ন অ্যাক্সেলসেনকে হারাতে তিনি সময় নিলেন মাত্র ৫৬ মিনিট। তবে ভাল খবরের পাশাপাশি রয়েছে খারাপ খবর। একই দিনে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন সাইনা নেহওয়াল এবং এইচএস প্রণয়ও।
[দেশে নির্বাসিত, বাইশ গজে ফিরতে তাই নয়া সিদ্ধান্ত শ্রীসন্থের]
পরিসংখ্যান বলছিল, শেষ তিন সাক্ষাতে ভিক্টরের কাছে হেরেছেন শ্রীকান্ত। ডেনমার্কের মাটিতে তাঁর বিরুদ্ধে লড়াইটা তাই আরও কঠিন হত। কিন্তু তিন সেটের লড়াইয়ে শেষপর্যন্ত জয় পেয়ে যান ভারতীয় শাটলার। শ্রীকান্তের পক্ষে ম্যাচের ফল ১৪-২১, ২২-২০, ২১-৭। ম্যাচের পর শ্রীকান্ত বলছিলেন, “এই জয় আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অনেকটা। ওর কাছে ইন্ডিয়া ওপেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, জাপান ওপেনে হেরেছিলাম। এখানে আসার আগে তেতে ছিলাম। মরিয়া ছিলাম জেতার জন্য।” এরপরই শ্রীকান্ত যোগ করেন, “লড়াইটা সহজ ছিল না। প্রথম দিকে আমি কিছু ভুলভ্রান্তি করেছি। কিন্তু দ্রুত সেটা ঠিক করে নিতেই ভিক্টর চাপে পরে যায়। তাছাড়া তৃতীয় সেটে ও নতুন কিছু করার চেষ্টা করেছিল। সেটা কাজে লাগেনি। দিনটা আমার ছিল।”
[নিউজিল্যান্ড সিরিজের আগেই র্যাঙ্কিংয়ে অবনতি টিম ইন্ডিয়ার]
এদিকে, মেয়েদের সিঙ্গলসে ক্যারোলিন মারিনকে হারিয়ে চমক দিয়েছিলেন সাইনা। কিন্তু সেই চমক বেশি দূর এগোয়নি। জাপানের আকানের কাছে তিনি হেরে গেলেন কোয়ার্টার ফাইনালেই। খেলার ফল সাইনার বিপক্ষে ১০-২১, ১৩-২১ পয়েন্টে। ম্যাচ শেষে তিনি বললেন, ‘এই ম্যাচের আগে বেশি বিশ্রাম পাইনি। রাত ৩টের সময় কখনও ঘুমাতে যাইনি। আমি খুব ক্লান্ত ছিলাম। তবে এটা বলব আকান আমার তুলনায় অনেক ভাল খেলেছে। পরপর কঠিন ম্যাচ খেলার জন্য আমাকে আরও প্রস্তুতি নিতে হবে। তবে এখন আর কিছু করার নেই। সামনে ফ্রেঞ্চ ওপেনে দেখা যাবে।’ এদিকে, হারলেন আরেক ভারতীয় শাটলার এইচএস প্রণয়। তাঁকে হারালেন বিশ্ব র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা সন। ম্যাচের ফল প্রণয়ের বিপক্ষে ১৩-২১, ১৮-২১।
The post বিশ্বের এক নম্বর তারকাকে হারিয়ে ডেনমার্ক ওপেনের শেষ চারে শ্রীকান্ত appeared first on Sangbad Pratidin.
