সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকরের সঙ্গে একই আসনে এবার বাংলার ঝুলন গোস্বামী। ক্রিকেটের সর্বকালের ইতিহাসে অবশ্যই থাকবে ক্যাপ্টেন কুল ও মাস্টার ব্লাস্টারের নাম। ঠিক সেভাবেই থাকবেন চাকদহের ঝুলনও। মহিলাদের ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেটের মালকিন। তবে ধোনি, শচীনের পাশে একই আসন তিনি পেতে চলেছেন অন্য একটি কারণে। এবার বলিউডে তাঁর জীবনী নিয়েও তৈরি হতে চলেছে সিনেমা। আপাতত নাম রাখা হয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’। মঙ্গলবার সেটাই ঘোষণা করলেন সিনেমার পরিচালক সুশান্ত দাস।
[জানেন, অসুস্থ ফ্যানকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কী উপহার দিলেন অশ্বিন?]
জানা গিয়েছে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত মহিলা টি-২০ বিশ্বকাপের আগেই মুক্তি পেতে পারে এই বায়োপিক। ঝুলনের নাম ভূমিকায় অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন। তবে দীপিকা ছাড়াও বিপাশা বসু-সহ অন্যান্য বেশ কয়েকজন অভিনেত্রীর নামও উঠে আসছে। এদিন অনুষ্ঠানে ঝুলনের বায়োপিক ঘোষণা করে নির্দেশক সুশান্ত দাস বলেন, “চাকদহ থেকে লর্ডস। ঝুলনের বেড়ে ওঠার বিভিন্ন লড়াই-সংগ্রামের গল্প থাকবে সিনেমায়। পরিবারের অমতে কীভাবে ভোর চারটের সময় ট্রেনের ডেলি প্যাসেঞ্জার হয়ে উঠেছিলেন ঝুলন, থাকবে সেই সবই। লক্ষ্য একটাই। ঝুলনের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে যেন আরও মহিলা মাঠে আসতে পারেন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝুলন নিজেও। একটু লজ্জা ও অনেকটা গর্ব নিয়ে তিনি বলেন, “সিনেমার অফার অনেকদিন থেকেই আসছিল। কিন্তু আমি চাইছিলাম আগে কিছু একটা করি, যা অন্যদের অনুপ্রাণিত করবে। তাছাড়া আগের অফারগুলো সবই ছিল বাংলা ছবির। আমি চেয়েছিলাম গোটা দেশ জানুক। তাই এবার রাজি হয়ে যাই।”
[ডার্বির আগে উত্তপ্ত ময়দান, বাগান তাঁবুতে ‘ভাঙচুর’ ইস্টবেঙ্গল সমর্থকদের]
মঙ্গলবার শুরু হয়েছে দেবীপক্ষ। দেবী দুর্গাকে সামনে রেখে নারীশক্তির আরাধনায় মাতবে বাঙালি। তার আগে ঝুলনের বায়োপিক আনল অন্য এক আগমনীর বার্তা। যা সোনার অক্ষরে লেখা থাকবে বাঙালির ইতিহাসে।
The post ধোনি-শচীনের পর এবার বড়পর্দায় আসছে ঝুলনের বায়োপিক appeared first on Sangbad Pratidin.
