ইংল্যান্ড সিরিজে কি আদৌ অভিষেক হবে বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi)? দেশের ক্রিকেট প্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। ‘দুর্বল’ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে খেলানো হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও একই ঘটনা। কী ভাবছে টিম ম্যানেজমেন্ট? আদৌ কি ইংল্যান্ডে দেখা যাবে বৈভবকে? অবশেষে এই নিয়ে মুখ খুলল বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা এত বিতর্কের পরও কোচ গৌতম গম্ভীরের পাশেই থাকছেন। বৈভবকে নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমরাও মনে করি সে অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়। আইপিএলে সে তার প্রমাণও দিয়েছে। আমি টিম ম্যানেজমেন্ট এবং কোচদের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য দেখেছি। কিন্তু এটা খুব স্পষ্ট করে দিতে চাই যে চূড়ান্ত সিদ্ধান্ত কোচ এবং অধিনায়কই নেবেন। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। যখন সঠিক সুযোগ আসবে, তাঁরা অবশ্যই তাকে সুযোগ দেবেন।"
সেটা কি ইংল্যান্ড সিরিজেও হবে না? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মধ্যে? নাকি সিরিজের ফলাফল ভারতের পক্ষে না গেলে তখন নেওয়া হবে? শুক্লা বলেন, "এই সিদ্ধান্তগুলো টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার উপর ছেড়ে দেওয়া উচিত। এ নিয়ে কেন এমন অপ্রয়োজনীয় মন্তব্য করা হচ্ছে, তা আমি জানি না।" অনেকের মতে, আয়ারল্যান্ড সিরিজে তাকে খেলালে ভারত সিরিজ জিততে পারত। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়সের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও পোস্ট করেছেন বৈভবের সমর্থনে। শচীন তেণ্ডুলকর, সুনীল গাভাসকরের প্রসঙ্গ টেনে তাঁর মত, ‘বৈভব ভারতীয় ক্রিকেটের নতুন মুখ হওয়ার জন্য তৈরি।’ কিন্তু গম্ভীরের টিম ম্যানেজমেন্ট ভাবছে অন্যরকম। উল্লেখ্য, ৩ জুলাই সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।
