সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন পর ফের একবার ক্রিকেটের স্বাদ পেয়েছে পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল বিশ্ব একাদশ এবং পাকিস্তান। বিশ্ব একাদশে বহু দলের খেলোয়াড়রা থাকলেও নেই কোনও ভারতীয় ক্রিকেটার। এই বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন পাক ক্রিকেট ভক্তরা। কেন বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিরা বিশ্ব একাদশে সেকথা জানতে চেয়ে টুইট করেন তাঁরা। আরজি বিরাট-ধোনিরা যেন পাকিস্তানে খেলতে আসে।
[বিশ্বকাপের জন্য ভোলবদল যুবভারতীর, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]
এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তান। বাবর আজমের ৫২ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ২০ ওভারে পাঁচ ওভারে ১৯৭ রান তোলে পাক ক্রিকেটাররা। জবাবে ব্যাট করতে নেমে ১৭৭ রানেই থেমে যায় ফাফ ডু’প্লেসিসদের ইনিংস। ম্যাচের কারণে হোটেল থেকে শুরু স্টেডিয়াম গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। মোতায়েন করা হয়েছিল প্রচুর সেনা। পাক দর্শকদের মধ্যে উত্তেজনাও ছিল চরমে। কিন্তু কোনও ভারতীয় খেলোয়াড় না থাকায় কিছুটা হলেও হতাশ হয়ে পড়েন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে টুইটও করেন। কেউ বিরাট আবার কেউ ধোনিকে বিশ্ব একাদশে দেখার কথা জানান। কেউ লেখেন, ‘বিরাট তোমাকে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে দেখার ইচ্ছে ছিল।’ কেউ লেখেন, ‘জানি না কেন ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানে আসার অনুমতি নেই।’ অপর একজন লেখেন, ‘মন থেকে চেয়েছিলাম বিরাট-ধোনি পাকিস্তানে আসুক। ওদের ব্যাটিং দিয়ে আমাদের আনন্দ দিক।’ এর আগে শাহিদ আফ্রিদির গলাতেও শোনা গিয়েছিল একই সুর। টুইট করে লিখেছিলেন, ‘পাকিস্তানে ক্রিকেটকে ফিরিয়ে আনার জন্য পাক বোর্ড এবং আইসিসিকে কুর্নিশ। কিন্তু ভারতীয় খেলোয়াড়রা এখানে আসলেও ভাল লাগত।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে জঙ্গি আক্রমণের ঘটনায় মুখ পুড়েছিল পাকিস্তানের। তারপর থেকে কোনও দেশই সেখানে খেলতে যেতে রাজি হয়নি। তবে আইসিসি-র উদ্যোগে ফের একবার ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। সাতটি টেস্ট খেলিয়ে দেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি বিশ্ব একাদশ সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে। যার ইতিমধ্যে একটি ম্যাচ খেলাও হয়ে গেল।
[নাইট রাইডার্স সম্পর্কে ভুল টুইট, নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন প্রীতি]
The post পাকিস্তানে খেলতে আসুক বিরাট-ধোনিরা, আরজি ক্রিকেটপ্রেমীদের appeared first on Sangbad Pratidin.
