সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১তম জন্মদিনটা তাঁদের প্রিয় তারকা ঘরের মাঠেই কাটাবেন বলে ভেবেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের ফ্যানেরা। কিন্তু সেটা হল না। তাঁদের প্রিয় হিরো যে এখন কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত। ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচে অশ্বিন খেলেননি। তা নিয়ে চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীদের মন খারাপ অবশ্যই। কিন্তু আড়ালে থেকেই এমন একটি কাজ করলেন অশ্বিন যাতে তাঁর ভক্তদের মন ভাল করার জন্য যথেষ্ট। চেন্নাইতে না থেকেও যেন রয়ে গেলেন তিনি। কিডনির জটিল অসুখে ভুগতে থাকা পি ভেঙ্কটেসনকে দিলেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট। তাও সাধারণ গ্যালারির নয়, একেবারে হসপিটালিটি বক্সের।
[বিরাটকে বিয়ের প্রস্তাব পাক পুলিশকর্মীর, হেসে খুন নেটিজেনরা]
গত বেশ কয়েকমাস ধরেই কিডনির জটিল অসুখে ভুগছিলেন চেন্নাইয়ের বাসিন্দা পি ভেঙ্কটেসন। প্রয়োজন ছিল কিডনি প্রতিস্থাপনের। কিন্তু সাহায্যে এগিয়ে আসছিল না কেউ। শেষমেশ এগিয়ে এলেন ভেঙ্কটেসনের বোন। ৪৩ বছরের ভেঙ্কটেসনের একমাত্র আরজি ছিল, চেন্নাইয়ের গ্যালারিতে বসে তিনি যেন ভারত-অস্ট্রেলিয়া যুদ্ধ দেখতে পারেন। কিন্তু টিকিট জোগাড় হচ্ছিল না কিছুতেই। শেষমেশ এগিয়ে এলেন অশ্বিন।
যদিও গোটা ব্যাপারটাই হয়তো গোপনেই ঘটে যেত। কিন্তু অশ্বিনের এরকম একটা মানবিক কাজ আড়ালে রাখতে দিলেন না ভেঙ্কটেসন। ম্যাচ দেখে বেরিয়ে রীতিমতো মিডিয়া ডেকে গোটা ঘটনা জানালেন তিনি। বললেন, “গ্যালারিতে বসেই ম্যাচটা দেখতে চেয়েছিলাম। আমার মতো সাধারণ মানুষের কাছে হসপিটালিটি বক্সে বসে খেলা দেখাটা অনেক বড় ব্যাপার। অশ্বিন ফাউন্ডেশনের লোকজন আমাকে ম্যাচের আগে জানাল, আমার জন্য ওরা হসপিটালিটি বক্সের টিকিট দেবে। আর এই ব্যাপারটা নাকি হল পুরো অশ্বিনের তদারকিতেই। ও এত বড় ক্রিকেটার। আমার জন্য ভেবেছে, এটাই অনেক। কী বলে যে ধন্যবাদ দেব জানি না।” যদিও এটা যে কোনও পাবলিসিটি স্টান্ট নয়। সাফ জানিয়ে দিলেন অশ্বিন। ইংল্যান্ড থেকে জানালেন, “অশ্বিন ফাউন্ডেশন কোনও প্রচার পাওয়ার আশায় কাজ করছে না। হয়তো সব সময় সবার অনুরোধ রাখা সম্ভব না। তবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমি ও আমার গোটা টিম সব সময় কাজ করছে। ভবিষ্যতে এই ধরনের কাজ আরও করব। তবে হ্যাঁ, এসবের জন্য কোনও প্রচারের আশা রাখব না।”
[পিয়ারলেসকে হারিয়ে ডার্বির উত্তাপ বাড়িয়ে দিল মোহনবাগান]
শরীর সুস্থ থাকলে চিপকে কোনও ম্যাচ বাদ দেন না ভেঙ্কটেসন। তবে রবিবার হসপিটালিটি বক্সে বসে খেলা দেখলেও ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচটা তাঁর কাছে কেমন যেন ফিকে হয়ে গেল! কারণ? তিনি বলছেন, “এখানে শেষবার টেস্ট ম্যাচে অশ্বিন দারুণ পারফর্ম করেছিল। ওঁর জন্মদিনে ওকে মাঠে দেখব বলে আশা করেছিলাম। তবে ভারতের জয়টা এখান স্পেশ্যাল।” যাই হোক, ভেঙ্কটেসনের জন্য আমরা অন্তত এক ভারতীয় ক্রিকেটারের মানবিক মুখ দেখতে পেলাম, কী বলুন!
[ধোনি! তিনি আবার কে? প্রাক্তন গার্লফ্রেন্ড চিনতেই পারলেন না মাহিকে!]
The post জানেন, অসুস্থ ফ্যানকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কী উপহার দিলেন অশ্বিন? appeared first on Sangbad Pratidin.
