সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ন’টি ওয়ানডে ম্যাচে জয়। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও ইতিমধ্যে পকেটে। বাকি কেবল নিয়মরক্ষার ম্যাচ। তার আগেই মঙ্গলবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দরাজ সার্টিফিকেট পেয়ে গেলেন বিরাট কোহলি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর বলেন, বিরাট কোহলির নাম ভবিষ্যতে সেরা অধিনায়কের তালিকায় থাকবে। এর পাশাপাশি কোহলির সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক টাইগার পতৌদির সঙ্গেও তুলনা টানেন।
[পাণ্ডিয়াকে নিয়ে মন্তব্য, নেটিজেনদের রোষের মুখে প্রাক্তন অজি ক্রিকেটার]
গাভাসকরের মতে, ২৮ বছর বয়সি ভারতীয় অধিনায়ক দলের ভিতরে ফিটনেস এবং নির্মম ক্রিকেটের সঞ্চার করেছে। তিনটি ফরম্যাটেই ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। পাশাপাশি রিজার্ভ বেঞ্চও এতটা শক্তিশালী যে রবিচন্দ্রন অশ্বিনের মতো খেলোয়াড়ও প্রথম দলে আসতে লড়াই করছেন। এর আগেও তিনি বলেছিলেন, এই ভারতীয় দল ওয়ানডেতে সেরা হওয়ার ক্ষমতা রাখে। গাভাসকর বলেন, ‘তুলনা করা হয়তো ঠিক হবে না। কিন্তু ভারতের এই দলটি খুবই ভাল। দলের ব্যালান্স খুব ভাল। আশা করি ভারতের সর্বকালের সেরা দলগুলির মধ্যে এই দলটিকেও রাখা হবে। কারণ বিরাটদের ৮ থেকে ৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। দলের বোলাররা যে কোনও পরিস্থিতিতে বল করতে পারে। সব দিক বিচার করে দেখলে বোঝা যাবে এটি একটি স্পেশাল দল। যে দলের অধিনায়ক আবার নিজে একজন স্পেশাল খেলোয়াড়।’
[ছিঃ! ভারতের মানচিত্রের সঙ্গে মহিলাদের অন্তর্বাসের তুলনা!]
এদিকে, ফের একবার বিরাট সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়ালেন অজি সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান। নিজের টুইটার হ্যান্ডেলে বিরাটকে খোঁচা দিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটিতে দেখা যাচ্ছে বিস্ফারিত মুখে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আর তাঁর সঙ্গে ক্যাপশনে লেখা, ‘যখন তুমি ব্যাট করতে নামো আর উলটোদিকে দেখো আমের বল করতে আসছে।’ এরপরই টুইটারে বিরাটের সমর্থকদের রোষের মুখে পড়েন এই অজি সাংবাদিক। অনেকেই তাঁকে পালটা টুইট করে বিদ্রুপ করেন। এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন ডেনিস ফ্রিডম্যান। কখনও ভারত অধিনায়ককে ‘ঝাড়ুদার’ বলে, কখনও আবার ভারতের মানচিত্রকে মহিলাদের অন্তর্বাসের সঙ্গে তুলনা করে।
[ঝোড়ো ব্যাটিংয়ে মাতাচ্ছেন পাণ্ডিয়া, জানেন নেপথ্যে কার মস্তিষ্ক?]
The post বিরাটের অধিনায়কত্ব নিয়ে এমনই মন্তব্য করলেন গাভাসকর appeared first on Sangbad Pratidin.
