বর্তমান সময়ে দাঁড়িয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব উপার্জনের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে। শুধু তরুণ প্রজন্মই নয়, সব বয়সের মানুষই কন্টেন্ট তৈরি করে উপার্জনের স্বপ্ন দেখেন। কেউ কেউ সহজেই সফলতা পান, কেউ আবার দীর্ঘদিনের চেষ্টাতেও কাঙ্খিত ফলোয়ার, রিচ পান না। কিন্তু জানেন কি এর নেপথ্যের কারণ কিছু ভুল ধারণা। ২০২৬ সালে দাঁড়িয়েও ইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্টের ক্ষেত্রে কিছু ভুল করেই চলেছেন ক্রিয়েটররা। যা ঠিক করতে পারলেই বাড়বে রিচ, ফলোয়ার্স। চলুন আজ জেনে নেওয়া যাক, সেগুলোই।
১. বছরের পর বছর ধরে, কন্টেন্ট ক্রিয়েটররা বিশ্বাস করেন যে সর্বাধিক সংখ্যক হ্যাশট্যাগ দিলে তা বাড়িয়ে দেয় রিচ। অর্থাৎ বেশি সংখ্যক মানুষের ওয়ালে পৌঁছে যায় ভিডিও বা ছবি। কিন্তু জানেন কি ইনস্টাগ্রামের সাজেশন এখন আর সেভাবে কাজ করে না। সংস্থার তরফেই জানানো হয়েছে যে, হ্যাশট্যাগ মূলত কন্টেন্টকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করতে সাহায্য করে। পোস্টে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করার চেয়ে ক্যাপশনে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড, মৌলিক কন্টেন্ট, রিচ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
২. অনেকর ধারণা সবার নজরে থাকার জন্য প্রতিদিন পোস্ট করা মাস্ট। এই ধারণাও কিন্তু ঠিক নয়। ইনস্টাগ্রামের তরফে বলা হচ্ছে, সামান্য সময়ের ব্যবধানে পোস্ট করার থেকে ধারাবাহিকতা বজায় রাখাটা বেশি গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিম্নমানের কন্টেন্ট আপলোড করার চেয়ে সপ্তাহে তিন বা চারবার উচ্চমানের কন্টেন্ট পোস্ট করা বুদ্ধিমানের। দুর্বল মানের কন্টেন্ট এনগেজমেন্ট কমিয়ে দিতে পারে।
৩. অনেকেই দেখা যায় পোস্ট করার কয়েক ঘণ্টায় আশানুরূপ এনগেজমেন্ট না পেলে তা ডিলিট করে দেন। ইনস্টাগ্রাম কিন্তু এমনটা না করার কথাই বলে। ক্রিয়েটরদের উচিত কেন কন্টেন্টটি ভালো ফলাফল করতে পারল না তা বিশ্লেষণ করা এবং পরবর্তী পোস্টের সময় ভুলগুলো শুধরে নেওয়া। বারবার পোস্ট মুছে পুনরায় আপলোড করলেই যে ভালো রিচ পাওয়া যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই।
৪. সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর মধ্যে একটি হল, সফল হওয়ার জন্য অত্যন্ত দামি ক্যামেরা সরঞ্জামের প্রয়োজন। ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় অনেক 'রিলস'-ই ভালো আলো ও স্পষ্ট অডিও-সহ স্মার্টফোন ব্যবহার করে তৈরি করা। এই প্ল্যাটফর্মটি ভিডিও তৈরির জন্য কী ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে তার চেয়ে বরং বিনোদনমূলক, দরকারি এবং মৌলিক বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেয়।
৫. যখনই রিচ কমে যায়, অনেক ক্রিয়েটর সঙ্গে সঙ্গে 'শ্যাডোব্যান'-কে দোষারোপ করেন। যদিও ইনস্টাগ্রাম তার কমিউনিটি গাইডলাইন নিয়ম লঙ্ঘনকারী কন্টেন্টকে রেস্ট্রিক্ট করে দেয়। দর্শকদের আগ্রহের পরিবর্তন, তীব্র প্রতিযোগিতা বা কন্টেন্টের মানের কারণে প্রায়শই রিচ সাময়িকভাবে কমে যায়। কোনও অ্যাকাউন্ট সীমাবদ্ধ করা হয়েছে বলে ধরে নেওয়ার আগে, ক্রিয়েটরদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট স্ট্যাটাস বিভাগটি খতিয়ে দেখা উচিত যে, নীতিগত কারণে তা সীমিত করা হয়েছে কি না।
