শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। উন্মাদনায় কার্যত ফুটছে গোটা বিশ্ব। আগামী দেড় মাস, নিজেদের সেরাটা উজাড় করে দেবেন ৪৮ দেশের ফুটবলাররা। কখনও স্টেডিয়ামে গলা ফাটিয়ে, কখনও বাড়িতে বসে প্রার্থনায় তাঁদের পাশে থাকবেন অসংখ্য ভক্ত। পছন্দের দেশকে পাশে থাকার বার্তা দিতে ফুটবল প্রেমীদের অনেকেই ইতিমধ্যেই পালটে ফেলেছেন ফেসবুক, ইনস্টাগ্রামের ডিপি। প্রোফাইল খুললেই দেখা যাচ্ছে পছন্দের দেশের জার্সি পরা এআই ছবি। অনেকেই বুঝে উঠতে পারছেন না কীভাবে তৈরি করবেন এই ছবি। চলুন আজ জেনে নেওয়া যাক সেই পদ্ধতিই।
বিশ্বকাপ স্পেশাল প্রোফাইল ছবি বানাতে আপনি সাহায্য নিতে পারেন কয়েকটি অ্যাপের। সেগুলো হল, Pixazo, MyAIArt, Pippit। তবে চ্যাটজিপিটি বা জেমিনি ব্যবহার করেও পেতে পারেন সাধের ছবি। তবে যে প্ল্যাটফর্ম থেকেই ছবি বানান না কেন, মাথায় রাখবেন প্রম্পটে যেন গন্ডগোল না থাকে। নির্দেশ যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে নিমেষেই পেয়ে যাবেন পছন্দের ছবি।
বিশ্বকাপ শুরু হতেই ফেসবুকজুড়ে প্রিয় দেশের জার্সি পরা ছবির ঝড়, কীভাবে বানাবেন?
প্রম্পটে কী লিখবেন? নিজের ছবি আপলোড করে লিখুন। 'Create a photorealistic square profile picture using the uploaded face photo as the identity reference. Dress like a player of (পছন্দের দেশের নাম) national football team, who is standing in a field. Warm golden-hour sunlight illuminates the scene, creating cinematic highlights and realistic shadows. highly detailed skin texture, realistic fabric details, HDR, ultra-realistic, 8K quality, vibrant colors, premium social media profile picture, centered composition, square format - ব্যাস আপনার কাজ শেষ। পেয়ে যাবেন ছবি। একইভাবে যদি গ্যালারিতে বসা বা অন্য কোনও মেজাজের ছবি চান সেক্ষেত্রেও প্রম্পটে তা বুঝিয়ে দিলেই কেল্লাফতে।
শুধু প্রোফাইল ছবি পালটানোই কি শেষ নাকি? ফুটবল বিশ্বকাপ চলছে, আর বন্ধুদের গ্রুপে তা নিয়ে ঝড় উঠবে না এটা আবার হয় নাকি! সেই কথা মাথায় রেখেই ফুটবলের মরশুমে বিশেষ এক ইমোজি এনেছে জুকারবার্গের হোয়াটসঅ্যাপ। জুড়েছে একটি 'ফুটবল' ইমোজি। যা এই বাজারে চ্যাটিংয়ের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছে সংস্থা।
