পথে-ঘাটে ইয়ারবাড ছাড়া এখন আর এক মুহূর্তও ভাবতে পারেন না কেউ। হাতে ফোন আর কানে ইয়ারবাড এখন সকলের। এর সুবিধা যেমন রয়েছে অসুবিধাও অনেক। ভিড় ট্রেন-বাসে কান থেকে কোনওভাবে পড়ে গেলে তা খুঁজে পাওয়া কার্যত অসম্ভব। কিন্তু জানেন কি হারানো ইয়ারবাডও খুঁজে পাওয়া সম্ভব? তবে তা হতে হবে এয়ারপড অর্থাৎ অ্যাপল ডিভাইস।
অ্যাপল ডিভাইস সবসময়ই সকলের পছন্দের তালিকার শীর্ষে। তাঁর বেশ কিছু কারণও রয়েছে। অ্যাপল ডিভাইস যে সকলের থেকে আলাদা ফের তা প্রমাণিত। ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক ইউজার শেয়ার করেছেন তার হারিয়ে যাওয়া এয়ারপড ফিরে পাওয়ার গল্প। জানিয়েছেন, কীভাবে 'ফাইন্ড মাই অ্যাপ'টি খুঁজে দিয়েছে তাঁর চুরি যাওয়া এয়ারপড। ওই ইউজার লেখেন, ‘ঋষিকেশ থেকে এয়ারপড চুরি হয়ে গিয়েছে। ফাইন্ড মাই অ্যাপ দেখাচ্ছে সেটি এখন দিল্লিতে। দিল্লির স্টাফ সিলেকশন কমিশনের সদর দপ্তরে থাকাকালীন কেউ একজন সক্রিয়ভাবে সেগুলো ব্যবহার করছে।’ যদিও ওই ইউজার এয়ারপডটি হাতে পাননি। কারণ, সেটি অনেক দূরে ছিল। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, হারানো এয়ারপড খুঁজে দিতে সক্ষম অ্যাপ।
কিন্তু কীভাবে কাজ করে ফাইন্ড মাই অ্যাপ? এটি একটি একটি বৃহৎ ক্রাউডসোর্সড ট্র্যাকিং নেটওয়ার্ক। যেখানে ডিভাইসটি একটি সুরক্ষিত ব্লুটুথ সিগন্যাল পাঠিয়ে কাছাকাছি থাকা অ্যাপল ডিভাইসগুলোকে শনাক্ত করতে পারে। সেই ডিভাইসগুলো সিগন্যালটি পেয়ে অ্যাপলের সার্ভারে অবস্থানটি জানিয়ে দেয়। যার ফলে ব্যবহারকারী ফাইন্ড মাই অ্যাপে তা দেখতে পান। আরও আকর্ষণীয় বিষয় হল, এই টুলটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। অ্যাপলও দেখতে পায় না যে ডিভাইসটি কার।
কীভাবে অ্যাকটিভ করবেন ফাইন্ড মাই অ্যাপ?
১. আইফোন বা আইপ্যাডের সেটিংসে যান।
২. অ্যাপল আইডিতে ক্লিক করুন। এরপর ফাইন্ড মাই অপশনে ক্লিক করুন।
৩. এবার যাবতীয় অপশন অর্থাৎ Find My iPhone, Find My Network, Send Last Location অন করে দিন।
