shono
Advertisement
Joyjit Banerjee

'আটকে রাখার লোকটা এখন নিজেই গারদে', ২ বছর পর কাজে ফিরে স্বরূপকে খোঁচা জয়জিতের!

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও কি টলিউড ইন্ডাস্ট্রির 'ব্যান সংস্কৃতি'র শিকার হয়েছিলেন? অভিনেতার পোস্টে কৌতূহলের ভিড়।
Published By: Sandipta BhanjaPosted: 08:33 PM Jul 07, 2026Updated: 08:33 PM Jul 07, 2026

বিশ্বাস জমানায় 'ব্যান সংস্কৃতি' নিয়ে কম চাপানোতর হয়নি টলিউডে। সিস্টেমে থেকে প্রতিবাদী সুর চড়িয়েছিলেন খোদ সাংসদ দেব। রাজ্যে পালাবদলের আবহে বহু অভিনেতা, শিল্পী-কলাকুশলীরাও সংশ্লিষ্ট ইস্যুতে একে-একে ক্ষোভ উগড়ে দিয়েছেন। নতুন সরকার আসার পর অনেকেই আশাবাদী যে এই নিষিদ্ধ সংস্কৃতির খাঁড়া এবার বন্ধ হবে। এমন আবহে অনেকেই কাজে ফিরেছেন। এবার বছর দুয়েক বাদে শুটিং ফ্লোরে পা রেখেই কার্যত বোমা ফাটালেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

"লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াকে ভীষণ মিস করেছি।...."

সম্প্রতি মেকআপ রুম থেকে সোশাল মিডিয়ায় একটি ছবি ভাগ করে নিয়ে কাজে ফেরার কথা জানান অভিনেতা। পরনে গেঞ্জি, হাফ প্যান্ট। চোখেমুখে গাম্ভীর্য। তবে নেটভুনের চর্চায় জয়জিতের পোস্টের ক্যাপশন। সেখানে উল্লেখ, '২ বছর পর আবার ফিরলাম। আটকে রাখার লোকটা এখন নিজেই আটকে আছে গরাদের ওপারে।' এহেন ঝাঁজালো ক্যাপশনে যে জয়জিৎ ইন্ডাস্ট্রিতে একচেটিয়া আধিপত্য বজায় রাখা স্বরূপ বিশ্বাসকেই খোঁচা দিয়েছেন, তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। কারণ তৃণমূলের দেড় দশকের শাসনকালে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই হিসেবে টলিউডে রীতিমতো পরিচালক থেকে টেকনিশিয়ান, সর্বস্তরে একাধিপত্য কায়েম করে রেখেছিলেন। মূলত'বিশ্বাস ব্রাদার্স'দের হাতেই ছিল টলিউডের কলকাঠি! কিন্তু গত ৪ জুন যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস। জয়জিৎ যে নিজের পোস্টে সেকথাই বলতে চেয়েছেন, তা বলাই বাহুল্য। প্রশ্ন উঠেছে, ২ বছর কেন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন অভিনেতা? বাকিদের মতো তিনিও কি 'ব্যান কালচারে'র শিকার?

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

এপ্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু না বলতে চাইলেও সংবাদমাধ্যমের কাছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এগুলো নিয়ে তিনি আর কোনও কথা বলতে চান না। জয়জিতের মন্তব্য, "অনেক তো হল। আর পিছনে তাকিয়ে লাভ কী! শুধু এটুকু বলতে পারি লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াকে ভীষণ মিস করেছি।" ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ারের বয়স আড়াই দশক। তাই অভিনয় থেকে দূরে থাকা জয়জিতের যে পক্ষে কষ্টকর, সেটাই বলতে চেয়েছেন তিনি। অভিনেতা বরাবরই স্পষ্টবাদী। কাউকে রেয়াত করেন না। প্রতিবাদী স্বভাবের জন্যেই কি টলিউডে সমস্যায় পড়তে হয়? জয়জিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, "প্রতিবাদ করলেই সমস্যা। মুখ বুজে থাকলে অসুবিধে নেই।" যদিও ধারাবাহিকে না সিনেমায় ফিরলেন? সেটা এখনই খোলসা করতে নারাজ অভিনেতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement