ভোট মিটতেই বাংলা ধারাবাহিকেও বিরাট রদবদল। প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বৃহস্পতিতে এসে গিয়েছে বাংলা মেগার রিপোর্ট কার্ড। দীর্ঘদিন পর হারানো স্থান ফিরে পেল 'পরশুরাম আজকের নায়ক'। বিগত কয়েক সপ্তাহ ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্থানাধিকারী 'তারে ধরি ধরি মনে করি'। যদিও মাঝেমধ্যে স্থানচ্যুত হয়েছে। তবে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে ফের বেঙ্গল টপার এই মেগা। চলতি সপ্তাহে টিআরপির পয়লা স্থানে ত্রয়ীর কামাল। 'তারে ধরি ধরি মনে করি'র সঙ্গে জোট বেঁধেছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ও 'পরশুরাম আজকের নায়ক'। এই তিন মেগার প্রাপ্তি ৪.৭ পয়েন্ট।
বহুদিন পর প্রথম স্থানে পরশুরামের প্রত্যাবর্তনে আনন্দিত কলাকুশলীরা। মে মাসের দ্বিতীয় সপ্তাহে একটুর জন্য প্রথম স্থান হাতছাড়া 'পরিণীতা'র। ৪.৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানাধিকারী এই জনপ্রিয় বাংলা ধারাবাহিক। তৃতীয় স্থান দখল করেছে 'জোয়ার ভাঁটা'। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে ৪.৪ পয়েন্ট। এবার জেনে নেওয়া যাক টিআরপি তালিকার সেরা দশের তালিকায় ঠাঁই পেল কোন সিরিয়ালগুলো?
৪.৩ পয়েন্ট সহযোগে চতুর্থে জোড়া সাফল্য, 'মোর দরদিয়া' ও 'গঙ্গা'। পঞ্চমে শিঁকে ছিঁড়ল 'কনে দেখা আলো'র। এই মেগার ঝুলিতে এসেছে ৪.২ পয়েন্ট। টিআরপি তালিকার ষষ্ঠ স্থানে বিরাজমান 'ঘূর্ণি' ও 'কুসুম'। এই দুই সিরিয়ালের প্রাপ্তি ৪.১ পয়েন্ট। সপ্তমেও বাংলা মেগার জোড়া সাফল্য়। চলতি সপ্তাহে দর্শকের রায়ে ৩.৮ পয়েন্টের অধিকারী 'প্রতিজ্ঞা' ও 'সংসারের সংকীর্তন'। অষ্টমে 'কমলা নিবাস'। সদ্য সম্প্রচারিত হওয়া এই বাংলা মেগা প্রথম দিন থেকেই দর্শকের মনোরঞ্জনে সফল। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্তি ৩.৪ পয়েন্ট।
নবমে ফের জোড়া সাফল্য। অনেকটা নম্বর কমেছে 'রাঙমতি তিরন্দাজ'-এর। চলতি সপ্তাহে ২.৫ পয়েন্ট সহযোগে এই ধারাবাহিকের সঙ্গে রয়েছে 'শুধু তোমারই জন্য'। দশমেও সেই একই চিত্র। ২.২ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকার সেরা দশের শেষে রয়েছে 'কম্পাস' ও 'লক্ষ্মী ঝাঁপি'।
