বছরখানেক আগেই রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) বাড়িতে ভূতের উপদ্রব! বন্ধ ঘরের ভিতরে সবকিছু লণ্ডভন্ড, শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। সাজানো গোছানো ঘরের বদলে যাওয়া সেই মানচিত্রের ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেতা। ফের রণজয়ের জীবনে অদ্ভুতুড়ে কাণ্ড। শনিবার গভীর রাতে শুটিং সেরে বাড়ি ফেরার সময় থরথর করে কাঁপছে শরীর, বিপদের আঁচ পেয়েই তড়িঘড়ি ফেসবুক লাইভ চালু করে দেন।
কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করেন, কেউ যেন তাঁকে অনুসরণ করছে। বারবার পিছন ফিরে তাকাচ্ছেন আর একই কথা আউরে যাচ্ছেন। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম, শুনশান রাস্তা দিয়ে হাঁটার সময়ই এমনই হাড়হিম করা পরিস্থিতির সম্মুখীন হন অভিনেতা রণজয় বিষ্ণু। এই মুহূর্তে 'প্রতিজ্ঞা' ধারাবাহিকে কাজ করছেন। শনিবার ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত একটা। শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন রণজয়।
সেই সময়ই আচমকা শরীরে বয়ে যায় ঠান্ডা স্রোত! কেউ যেন তাঁর উপর নজর রাখছে। লাইভ চলাকালীন ফোন কার্যত কাঁপছিল, হঠাৎই উলটে যায় ক্যামেরা। ভিডিওর সময়সীমা মাত্র আটান্ন সেকেণ্ড। তার মধ্যেই আচমকা বন্ধ হয়ে যায় আওয়াজ, তারপরই পুরো স্ক্রিন অন্ধকার। মধ্যরাতে রণজয়ের এই ভিডিও দেখে চিন্তিত ভক্তরা।
পরিচিতমহল বারবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগেরর চেষ্টা করেন। কিন্তু, অভিনেতার ফোন বন্ধ। রণজয়ের জন্য চিন্তায় ব্যাকুল হয়ে ওঠেন কাছের মানুষরা। অবশেষে রবিবাসরীয় সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন, যা দেখে আপাতত স্বস্তিতে কাছের মানুষজন। নয়া বার্তায় রণজয় জানিয়েছেন, 'কাল রাতে যাই ঘটেছে, আমার লাইভটা নিয়ে অনেক ফোন এসেছে। আমার ফোনটা কোনওরকমে সকালে ঠিক হওয়ার পর, অন করতেই মেসেজ আর কলে ভরে গিয়েছে। আমি এখন শুধু এটুকুই বলব, গতকাল রাতে যা ঘটেছিল তার ব্যাপারে বিশদে কাল বলব। শুধু বলব না, বিস্তারিত দেখাব।' কেন হচ্ছে, কী ভাবে হচ্ছে সেই প্রশ্নের উত্তর কিছুতেই পাচ্ছেন না রণজয় বিষ্ণু।
রণজয় ও অভিকা। 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের দৃশ্য
