shono
Advertisement
Vivaan Ghosh

হাসপাতালে ভিভান, একসঙ্গে দুটি অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

মুখে অক্সিজেন মাস্ক, হাসপাতালের বিছানায় ভিভান! আচমকা কী হল অভিনেতার? সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে ভিভানের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, একসঙ্গে দুটি অস্ত্রোপচার হয়েছে।
Published By: Kasturi KunduPosted: 01:58 PM May 16, 2026Updated: 01:58 PM May 16, 2026

বাংলা মেগার অন্যতম পরিচিত মুখ ভিভান ঘোষ। খল চরিত্রে ভিভানের অভিনয় বারবার দাগ কেটেছে দর্শকের মনে। 'চিরসখা' ধারাবাহিকে বুব্লাইয়ের চরিত্রে বাঙালির ড্রইংরুমে ব্যাপক সাড়া ফেলেছিলেন। কিন্তু, শুক্রবার সোশাল মিডিয়ায় অভিনেতার পোস্ট দেখে চিন্তিত ভক্তরা। মুখে অক্সিজেন মাস্ক, হাসপাতালের বিছানায় ভিভান! আচমকা কী হল অভিনেতার? ছবি পোস্টে তো শুধু জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। সকলের আশীর্বাদ কাম্য। অতঃপর সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে ভিভানের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, একসঙ্গে দুটি অস্ত্রোপচার হয়েছে।

Advertisement

শুটিংয়ের ব্যস্ততার কারণে এতদিন সময় পাননি। চিরসখা বন্ধ হওয়ার পরই স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন। হাসপাতাল থেকে ভিভান বলেন, "আমার অনেকদিন ধরেই ইউরোলজির একটা সমস্যা ছিল। সেটার অস্ত্রোপচার হল, সেই সঙ্গে হার্নিয়াও ধরা পড়ে। তাই গতকাল দুটো অস্ত্রোপচার হয়েছে। সিরিয়ালের শুটিংয়ের যে সিডিউল থাকে সেখানে খুব বেশিদিন ছুটি পাওয়া সম্ভব নয়। আমাকে মোটামুটি দেড় মাস বিশ্রামে থাকতে হবে। কাজ চলাকালীন সেটা কোনওভাবেই সম্ভব নয়। সেই জন্য বাংলা মিডিয়াম-এ কাজের সময় ইউরোলজির অপারেশনটা করাতে পারিনি। এখন চিরসখা বন্ধ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এটাই ভালো সময়। আপাতত ভালো আছি, দু-একদিনের মধ্যেই বাড়ি ফিরে যাব।"

অক্সিজেন মাস্কের আড়ালে হালকা হাসি আর 'থাম্বস আপ'-ই বলে দিচ্ছে, ভালো আছেন ভিভান। পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুগামী থেকে টলিপাড়ার স্বজনরা। প্রসঙ্গত, পার্শ্ব অভিনেতা হিসেবে বাংলা মেগায় বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাহুল  বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পরবর্তী পরিস্থিতিতে প্রযোজনা সংস্থার পাশে দাঁড়িয়ে জনতার রোষের শিকার হয়েছিলেন ভিভান।

চিরসখা বন্ধের পর ভবিষ্যতের আর্থিক পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করে 'বেকার ভাতা'র আবেদন পদ্ধতি জানতে চেয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন নেটভুবনে। তবে এখন অভিনেতার সুস্থতা কামনা করছেন নেটাগরিকরা, সেই সঙ্গে আবার কবে ছোট পর্দায় ফিরছেন সেই অপেক্ষাও করছেন ভিভানের ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement