shono
Advertisement

ফের বাংলাদেশে হিন্দু পুরোহিতের উপর জঙ্গি হামলা

হিন্দু হত্যা জারি বাংলাদেশে৷
Posted: 07:33 PM Jul 02, 2016Updated: 02:03 PM Jul 02, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু হত্যা জারি বাংলাদেশে৷ গত ২৪ ঘণ্টায় দু’জন হিন্দু পুরোহিতের উপর আক্রমণ চালাল দুষ্কৃতীরা৷ শনিবার সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাধাগোবিন্দ মন্দিরে এক পুরোহিতের উপর হামলা চালাল দুষ্কৃতীরা৷ যদিও এদিন সকালের হামলার ঘটনায় পুরোহিত ভবসিন্ধু বর প্রাণে রক্ষা পেয়েছেন৷ কিন্তু হামলায় মারাত্মকভাবে জখম হয়েছেন তিনি৷
পুলিশ সূত্রে খবর, এদিন ভোর চারটে নাগাদ ছয়-সাত জন দুষ্কৃতী মন্দিরে হামলা চালায়। আত্মপরিচয় গোপন রাখার জন্য তাদের মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা। প্রথমে তারা আক্রমণ করে আশ্রমের নিরাপত্তারক্ষীকে। যাতে সে শব্দ করতে না পারে, সেই জন্য তার মুখ কাপড় দিয়ে বেঁধে দেয়। এর পর বেধড়ক মারধর করে তাকে। তার পরে পুরোহিতের ঘরে হানা দেয় তারা৷
তখন নিজের ঘরে ঘুমোচ্ছিলেন ওই পুরোহিত৷ তারা তাঁকে চপার দিয়ে আঘাত করে। আঘাত করার সময়ে ভয়ে আর্তনাদ করেন তিনি| তাঁর আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন৷ তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ গুরুতর আহত অবস্থায় ওই হিন্দু পুরোহিতকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতাল সূত্রের খবর, ভবসিন্ধুর ক্ষত খুবই মারাত্মক৷ আপাতত চিকিৎসা চলছে৷
উল্লেখ্য, শুক্রবারই ঝিনাইদহে এক হিন্দু পুরোহিতের উপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করে আইএস জঙ্গিরা৷ এদিন যে ভাবে ভবসিন্ধুবাবুর উপর আক্রমণের ঘটনা ঘটেছে, তার ধরন দেখে এই ঘটনার সঙ্গে আইএস-এর যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে৷
বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর হামলার ঘটনায় নয়াদিল্লির বিদেশমন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে৷ নয়াদিল্লি পরিস্থিতি নিয়ে ঢাকার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে৷ ঢাকা পুলিশের তরফে এদিনও জানানো হয়েছে, হিন্দুদের সবরকম নিরাপত্তা ব্যবস্থা করছে তারা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement