shono
Advertisement
Bengal Next CM

শুভেন্দু-শমীক নাকি অন্য কেউ, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে কে?

সাম্প্রতিক অতীতে একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী পদে চমক দিয়েছে বিজেপি। বাংলার ক্ষেত্রেও কি তেমন কোনও পদক্ষেপ করা হবে?
Published By: Subhajit MandalPosted: 11:08 PM May 04, 2026Updated: 11:35 PM May 04, 2026

বঙ্গ জয় তো হল। এবার বিজেপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হল রাজ্যের মুখ্যমন্ত্রী (Bengal CM) পদে কাকে বসানো হবে? সূত্রের খবর, মঙ্গলবারই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যে আসতে পারেন। তারপর পরিষদীয় দলের বৈঠকে চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন। আগামী ২৫ বৈশাখ বাংলায় শপথ নেবেন বিজেপির মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হল, সেই ব্যক্তিটি কে? হাইকম্যান্ড কার উপর সহৃদয় হবে।

Advertisement

বিজেপির এই বিরাট জয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্যই সবচেয়ে এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গে বিজেপির এই বিরাট জয়ের অন্যতম কারিগর তিনি। রাজ্যে আজ যে ধর্মীয় মেরুকরণ, প্রতিষ্ঠান বিরোধিতা, এসব তৈরির নেপথ্যে তিনি। তাছাড়া তিনি নিজে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতেছেন। হারিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বস্তুত তৃণমূলের বিরুদ্ধে যে সমানে সমানে লড়াই করা যায়, সেটা কর্মীদের বোঝাতেও সক্ষম হয়েছেন এই শুভেন্দুই। তাছাড়া বিরোধী দলনেতা থাকার দরুন দলের বিধায়কদের একটা বড় অংশেরও আস্থা রয়েছে তাঁর উপর।

মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু। ফাইল ছবি।

তবে শুভেন্দুর ক্ষেত্রে সমস্যা হল, তিনি আদি বিজেপি নন। জোর গলায় হিন্দুত্বের রাজনীতি করলেও আরএসএসের সঙ্গে তাঁর যোগ নেই। তাছাড়া বিজেপি ইদানিং মুখ্যমন্ত্রীর পদে চমক দেওয়া পছন্দ করে। মধ্যপ্রদেশের মোহন যাদব, রাজস্থানের ভজনলাল শর্মা, ওড়িশার মোহনচরণ মাঝি বা ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই-এরা প্রত্যেকেই তুলনায় লো প্রোফাইল এবং মুখ্যমন্ত্রী হওয়ার আগে কোনওভাবেই দলের প্রথম সারির নেতা ছিলেন না। বাংলার ক্ষেত্রেও বিজেপি তেমন কোনও চমক দেওয়ার কথা ভাবতেই পারে। তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রায় তিনি চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসায় মুখ্যমন্ত্রী পদ নিয়ে পরীক্ষানিরীক্ষার জায়গায় বিজেপি রয়েছে। তেমন হলে কিন্তু একাধিক নাম উঠে আসবে।

বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র।

বিজেপির বঙ্গ জয়ে নিঃসন্দেহে বড় ভূমিকা নিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সংঘের পুরনো লোক, আদি বিজেপি, বাগ্মি, জননেতা হিসাবে শুভেন্দুর চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও তাঁর গ্রহণযোগ্যতা মোটেই কম নয়। ফলে লড়াইয়ে রয়েছেন তিনিও। দলের আদি অংশের অনেকে ভাসিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষের নামও। দিলীপবাবুও বিজেপির পুরনো নেতা। আরএসএসের যোগও রয়েছে। ফলে তিনিও লড়াইয়ে আছেন। বিজেপির পুরনো লোকেদের মধ্যে স্বপন দাশগুপ্তর নাম অনেকে ভাসিয়ে দিচ্ছেন। তিনি বাজপেয়ীর আমল থেকে বিজেপি করে এসেছেন। মোদি-শাহেরও পছন্দের পাত্র। তবে তাঁর জনমানসে তেমন পরিচিতি নেই।

খড়্গপুর সদরে জয় দিলীপ ঘোষের। ছবি: ফেসবুক

এর বাইরে গেরুয়া শিবির আউট অফ দ্য বক্স কোনও চমকও দিতে পারেন। সেক্ষেত্রে কোনও হিন্দুত্ববাদী সংগঠনের কোনও নেতাকেও ভাবা হতে পারে। সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর। তবে আপাতত যা খবর, তাতে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারীই। তবে অন্যরাও লড়াইয়ে আছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement