shono
Advertisement
Kolkata Police

কলকাতা পুলিশের 'ওয়ারলেস' পরিষেবা ব্যাহত! ভোট আবহে বেশ কিছুক্ষণ 'যোগযোগ-বিচ্ছিন্ন' লালবাজার

WB Assembly Election 2026: ভোটের দু'দিন আগে যোগাযোগে ব্যাঘাত ঘটতেই সমস্যায় পড়েছে লালবাজার। জরুরি ভিত্তিতে পরিষেবা চালুর আবেদন জানিয়ে দিল্লির সংস্থাকে চিঠি দেয় কলকাতা পুলিশ।
Published By: Arpita MondalPosted: 11:50 PM Apr 27, 2026Updated: 12:07 AM Apr 28, 2026

সোমবার বিকেল থেকে আচমকাই ব্যাহত হয় কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা। ভোটের (WB Assembly Election 2026) দু'দিন আগে যোগাযোগে ব্যাঘাত ঘটতেই সমস্যায় পড়েছে লালবাজার। জরুরি ভিত্তিতে পরিষেবা চালুর আবেদন জানিয়ে দিল্লির সংস্থাকে চিঠি দেয় কলকাতা পুলিশ।

Advertisement

লালবাজার সূত্রে খবর, সোমবার বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ হঠাৎই অকেজো হয়ে যায় কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা। সঙ্গে লালবাজারের যোগাযোগও আংশিকভাবে বন্ধ হয়ে যায়। ভোটের দু'দিন আগেই তাতে সমস্যায় পড়ে রাস্তায় টহলরত গাড়ি ও ট্রাফিক। কন্ট্রোল রুম থেকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া যাচ্ছিল না টহলরত গাড়িগুলিকে। সমস্যায় পড়েন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরাও। সঙ্গে সঙ্গে এই সমস্যার কথা ওয়ারলেস কন্ট্রোল রুম ও ওয়ারলেস বিভাগকে জানানো হয়।

সমস্যার কথা উল্লেখ করে দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে ওয়ারলেস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার দিল্লির 'সঞ্চার টেলি সিস্টেমস'কে চিঠি দেন। কেন সার্ভারে সমস্যা হল, কোথায় গণ্ডগোল-তা নির্ধারণ করে ২৪ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয় চিঠিতে। ভবিষ্যতে যাতে এমন সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, চিঠিতে তাও জানতে চাওয়া হয়। এদিন ওয়ারলেস যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে মূলত মোবাইলের সাহায্যে যোগাযোগ স্থাপন করা হয়। তবে রাতে পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লালবাজার।

বুধবার রাজ্যের সাত জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ হবে। তার ঠিক আগে এমন সমস্যা কেন হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ব্যবস্থার মাধ্যমে কলকাতা পুলিশ বিভিন্ন এলাকায় খবর আদানপ্রদান করে। কোথাও কোনও সমস্যা হলে নির্দেশ আসে ওয়ারলেস মাধ্যসেই। ভোটপর্বে এই যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করছে। এই পরিস্থিতিতে ওয়ারলেস পরিষেবা ব্যাহত হওয়ায় বেশ কিছুক্ষণের জন্য সমস্যায় পড়েছে লালবাজার। তবে ওয়ারলেস ছাড়াও পুলিশের যোগাযোগ মাধ্যম হিসেবে আরও বেশ কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে। যতক্ষণ ওয়ারলেস পরিষেবা বন্ধ ছিল, অন্যান্য মাধ্যমগুলিকে কাজে লাগিয়েই পরিস্থিতির উপর নজর রাখছিল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement