পোস্টাল ব্যালটে ভোটগ্রহণকে কেন্দ্র করে এবার মহিষাদলে চাপানউতোর। দৃষ্টিহীন বৃদ্ধার ভোটে (West Bengal Assembly Election) অনিয়মের অভিযোগ। সংশ্লিষ্ট বিধানসভার রিটার্নিং অফিসারকে চিঠি তৃণমূল প্রার্থীর। জানা গিয়েছে, শনিবার মহিষাদল বিধানসভা রামবাগ ১০৭ নম্বর বুথে ৮৫ বছরের বৃদ্ধার ভোট নিতে তাঁর বাড়িতে পৌঁছে যান ভোট কর্মীরা। সেখানেই অনিয়মের অভিযোগ ওঠে। মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক কুমার চক্রবর্তীর অভিযোগ, ওই বৃদ্ধা দৃষ্টিহীন হওয়ায় তাঁর পরিবর্তে ৫ বছরের শিশুকে দিয়ে ভোট দান করানো হয়েছে।
তাঁর আরও অভিযোগ, বৃদ্ধার বাড়িতে অন্যান্য প্রাপ্ত বয়স্ক সদস্যরা থাকা সত্ত্বেও কাউকে সুযোগ দেওয়া হয়নি। এই ঘটনা ঘিরে শোরগোল মহিষাদলে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটারের অধিকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে কেন এমন অনিয়ম? রিটার্নিং অফিসারকে চিঠি দিয়ে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশনকে দুষে তিলক চক্রবর্তীর অভিযোগ, 'পোস্টাল ব্যালটের ভোট নিতে ১০-১২ কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ির অন্যান্য সদস্যদের ভোটদানের অনুমতি দেওয়া হয়নি। মহিষাদলে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একজন নাবালকের কী অধিকার আছে ভোটদান করার? এবিষয়ে আমি কমিশনেও অভিযোগ জানাব।'
ছাব্বিশের নির্বাচন (West Bengal Assembly Election) পর্বে ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ। ৮৫ বছরের বেশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ করেন নির্বাচনী আধিকারিকরা। এই কাজের শুরুতেই বিপত্তি ঘটেছিল রায়গঞ্জে। ভোট নিয়ে বচসার জেরে উত্তেজনাকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার। এনিয়ে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল রায়গঞ্জ। ৫ দিনের মাথায় ফের একবার পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ ঘিরে তৈরি হল বিতর্ক।
