সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশ পৌঁছলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ‘বিমসটেক’ বৈঠকে অংশগ্রহণ করতে মঙ্গলবার ঢাকা বিমানবন্দরে পৌঁছন তিনি।
[বাগুইআটিতে ডাকাতির কিনারা করল পুলিশ, ধৃত গৃহকর্ত্রীর ‘ফেসবুক-ফ্রেন্ড’]
বুধবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠকে বসতে চলেছে বিমসটেক-এর সদস্য দেশগুলি। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। ‘বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন’ বা ‘বিমসটেক’-এর সদস্য সংখ্যা সাত। এরা হচ্ছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এদিন ঢাকায় রয়েছেন সাত দেশের প্রতিনিধিরা। বৈঠকে বঙ্গোপসাগরীয় অঞ্চলে সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হবে। এর আগে ২০১৭ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বিমসটেক-এর প্রথম বৈঠক। সেখানেই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সহযোগিতায় রাজি হয় সদস্য দেশগুলি।
বাংলাদেশের আধিকারিকরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্যে সাক্ষাৎকার করবেন সদস্য দেশের প্রতিনিধিরা। তবে দোভালের সঙ্গে আলাদা কোনও বৈঠক হওয়া নিয়ে আপাতত কিছু জানা যায়নি। যদিও কূটনীতিবিদদের মতে, দোভালের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিনিধিরা। বিশেষ করে সন্ত্রাসবাদ ইস্যুতে দু’দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ঢাকা সফর দোভালের। এর আগে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা আসার কথা ছিল তাঁর। যদিও পড়ে বাতিল হয়ে যায় দোভালের যাত্রা। ওই বছর মায়ানমার সীমান্তে নাগা জঙ্গিদের বিরুদ্ধে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারতীয় সেনাবাহিনী। সেই অপারেশনের জন্য ঢাকা সফর বাতিল করতে হয় দোভালকে।
[গন্তব্যে নামানো নিয়ে বচসা, যাত্রীর হাতে কামড় ক্যাব চালকের]
