মধ্যপ্রাচ্যের যুদ্ধ গোটা পৃথিবী মূল্যবৃদ্ধির মুখোমুখি। এর মধ্যেই এক লপ্তে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশেন (বিবিসি)। এর মধ্যে সংস্থার সংবাদ বিভাগের শয়ে শয়ে কর্মীরাও রয়েছেন। জানা গিয়েছে, সংস্থার বাজেট কমিয়ে ভবিষ্যৎ অর্থায়নের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রশ্ন হল, হঠাৎ বাজেট কমানোর সিদ্ধান্ত কেন নিল আন্তর্জাতিক সংবাদ সংস্থাটি?
বিবিসির মোট কর্মী সংখ্যা ২০ হাজারের বেশি। জানা গিয়েছে, বিপুল আর্থিক সংকটে পড়েছে সংবাদ জগতের ঐতিহ্যশালী সংস্থাটি। ডিজিটাল পৃথিবীতে, এআই শাসনে বদলে যাচ্ছে সংবাদমাধ্যমের চরিত্র। এই অবস্থায় আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেড়েই চলেছে। ফলে খানিকটা বাধ্য হয়েই সমস্ত বিভাগে ১০ শতাংশ বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিবিসি। এর জেরেই এক লপ্তে দু'হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যদিও বিবিসি এখনও এই বিষয়ে কোনও ঘোষণা করেনি।
তবে মুখ খুলেছেন বিবিসি-র ডিরেক্টর জেনারেল ম্যাট ব্রিটেন। তিনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার কথা মাথায় রেখেই এই কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যয় কমাতে ইতিমধ্যে প্রতিষ্ঠানে নতুন নিয়োগ ও কর্মীদের ভ্রমণের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়াও কনফারেন্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ম্যানেজমেন্ট কনসালট্যান্টদের পিছনে খরচও কমানো হয়েছে।
আরও জানা গিয়েছে, বিবিসি বর্তমানে কয়েকশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এই কর্মী ছাঁটাই তার প্রথম ধাপ। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগকে প্রায় ১০ শতাংশ খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এর জেরেই সংস্থার ২,০০০ জন চাকরি হারাতে চলেছেন।
