shono
Advertisement
Russia

রুশ ক্ষেপণাস্ত্রে পুড়ে গেল কিয়েভের একাদশ শতকের ঐতিহাসিক ক্যাথিড্রাল! হামলায় মৃত ১১

হামলার পরই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাতাসে শোনা যায় তীক্ষ্ণ সাইরেন ধ্বনি।
Published By: Biswadip DeyPosted: 09:09 PM Jun 15, 2026Updated: 09:24 PM Jun 15, 2026

ইউক্রেনের রাজধানী কিয়েভের ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রালে আগুন লেগে গেল রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর। সোমবার রাতভর যে হামলা হয়েছে তাতেই ক্যাথিড্রালটি প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাতাসে শোনা যায় তীক্ষ্ণ সাইরেন ধ্বনি।  ওই হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।

Advertisement

এদিন একাদশ শতকের ক্যাথিড্রালে আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র। সঙ্গে তাতে আগুন লেগে যায়। আগুনে ক্যাথিড্রালের ছাদটি মারাত্মকভাবে পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে মূল দেওয়াল এবং ভিতরের প্রধান অংশ বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। মূল্যবান ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শনগুলো অবশ্য আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলায় কিছুটা পিছনে পড়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চার বছর ধরে হয়ে চলা যুদ্ধ। তবে তার আঁচও এখন নেভেনি ফের রাশিয়ার আক্রমণে তা স্পষ্ট হয়ে গেল। উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি তিন দিনের সংঘর্ষবিরতি হয়েছিল। তা শেষ হতেই ফের রক্তাক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছে দু’দেশ। ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে মস্কো।  গত মাসে কিয়েভে রুশ হামলায় নিহত হন অন্তত ২৫ জন। তার প্রত্যাঘাতও করে ইউক্রেন। কিন্তু জেলেনস্কির দেশে ফের আক্রমণ করল ভ্লাদিমির পুতিনের সেনা। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাথিড্রালে হওয়া হামলাকে 'খ্রিস্টান সংস্কৃতির বিরুদ্ধে রাশিয়ার অন্যতম বড় অপরাধ' বলে উল্লেখ করেছেন। ইউনেস্কো এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও তীব্র সমালোচনা করেছেন এহেন হামলার। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রক হামলার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, ইউক্রেনের একটি মার্কিন-তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্যাথেড্রালে আঘাত হেনেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement