ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে মর্মান্তিক দুর্ঘটনা। ২৫৮ জন যাত্রী নিয়ে সমুদ্রে উলটে গেল বোট। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনার পর এক মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা যাচ্ছে, মাঝসমুদ্রে উলটে যাওয়া বোটে উপর দাঁড়িয়ে সাহায্যের আর্জি জানাচ্ছেন যাত্রীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কাইরেনিয়া থেকে রওনা দিয়েছিল বোটটি। গন্তব্য ছিল তুরস্কের মেরসিন প্রদেশ। তবে উপকূল থেকে মাত্র ৪ কিমি দূরে পৌঁছনোর পর বোটে জল ঢুকতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই অবস্থায় উলটে যায় বোটটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে কোস্ট গার্ডের জাহাজ, হেলকপ্টার ও অন্যান্য ছোট বোট। শহরের প্রধান বন্দরে অ্যাম্বুল্যান্সও মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল জানিয়েছেন, ওই বোটে ২৫৮ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১৫৯ জনের খোঁজ পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি ঠিকই, কিন্তু দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মাঝসমুদ্রে উলটে গিয়েছে বোটটি। বহুমানুষ তার উপর দাঁড়িয়ে আর্ত চিৎকার করছেন। আশপাশ থেকে একাধিক বোট তাঁদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে। তেমনই এক বোট থেকে ঘটনার ভিডিওটি তোলা হয়।
