shono
Advertisement

ট্রাম্প চাইলে এখনও বৈঠকে রাজি, বার্তা কিমের

মেঘ কেটেও যেন কাটল না। The post ট্রাম্প চাইলে এখনও বৈঠকে রাজি, বার্তা কিমের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 AM May 25, 2018Updated: 10:29 AM May 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘ কেটেও যেন কাটল না। দুই বিশ্বনেতার দ্বন্দ্বে এক সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া দেখছিল কূটনৈতিক মহল। সাময়িক বরফ গলেছিল। আগামী জুনেই মুখোমুখি বসার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। কিন্তু সে বৈঠক ভেস্তে যায়। বাতিল করে দেন ট্রাম্প নিজেই। তবে তারপরেও কিমের বার্তা, এখনও তিনি বৈঠকের জন্য রাজি। যে কোনও সময় ট্রাম্প চাইলেই তা হতে পারে।

Advertisement

[  হাসিনার সঙ্গে সাক্ষাৎ প্রিয়াঙ্কার, রোহিঙ্গা শিশুদের দায়িত্ব নিতে বিশ্ববাসীর কাছে আরজি ]

মার্কিন মুলুক আর উত্তর কোরিয়ার বিরোধ এই সেদিনও ছিল তুঙ্গে। ট্রাম্পকে চমকাতে একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষা করছিলেন কিম। কে কত শক্তিশালী তা প্রমাণেরই যেন প্রতিযোগিতা চলছিল। কিম যদি বলেন তাঁর ড্রয়ারে পরমাণু বোমার বোতাম আছে, তবে ট্রাম্পের পালটা হুমকি ছিল, তাঁর টেবিলের নিচে আরও শক্তিশালী পরমাণু বোমার বোতাম আছে। দুই শক্তিশালী দেশের এই পারস্পরিক বিরোধিতায় ঘোর অশান্তির ছায়া দেখেছিল গোটা বিশ্ব। আচমকাই পালাবদল। সম্পর্কের বরফ গলল। পরমাণু অস্ত্র পরীক্ষায় বিরতি টেনেছিল কোরিয়া। এদিকে ট্রাম্পও কিমের মুখোমুখি হওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। ঠিক হয়েছিল আগামী ১২ জুন বৈঠকে বসবেন তাঁরা। গোটা বিশ্ব এ খবরে স্বস্তি পেয়েছিল। মনে করা হয়েছিল আসন্ন যুদ্ধ বোধহয় এড়ানো সম্ভব হল। বিরোধিতা দূরে থাক, কিমও যেন সুবোধ বালকের মতো ব্যবহার করতে শুরু করেছিলেন। এতটাই শান্ত ছিল চারপাশ যে একটু খটকাই লাগছিল কূটনৈতিকদের। অনেকেই ভাবছিলেন, যা হচ্ছে বা হতে চলেছে তা সত্যি তো! দেখা গেল আশঙ্কার মেঘ অমূলক নয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন মুলুকের সম্পর্কের মাঝে উত্তর কোরিয়ার নাক গলানোয় ফের ক্ষুব্ধ হন ট্রাম্প। বৈঠক একেবারে বাতিল করেই দেন তিনি। বলেন, শুধু কিমের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এ জিনিস ভাল হল না।

[  রোহিঙ্গা ভূমিতে হিন্দুরাও নির্যাতিত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে চাঞ্চল্য ]

এদিকে ঠিক তাঁর উলটো অবস্থান কিমের। তিনি শান্ত বালকের মতো এখনও বলছেন, বৈঠকের জন্য রাজি। যে কোনও সময়ে যে কোনও পরিস্থিতিতেই তা হতে পারে। উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে সে দেশের বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে বাতিল করার পর ট্রাম্প ফের বৈঠকে রাজি হবেন কি না, তা স্পষ্ট নয়।

The post ট্রাম্প চাইলে এখনও বৈঠকে রাজি, বার্তা কিমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার