মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 'নারীবিদ্বেষী' হওয়ার অভিযোগ নতুন নয়। ফের সেই একই অভিযোগে বিদ্ধ ট্রাম্প প্রশাসন। এবার অভিযোগ, একমাসেরও কম সময়ের মধ্যে তাঁর ক্যাবিনেটের দুই সিনিয়র মহিলা সদস্য বরখাস্ত করা হয়েছে। শোনা যাচ্ছে, 'টার্গেটে' রয়েছেন আরও দু'জন!
কিছুদিন আগেই চাকরি গিয়েছিল হোমল্যান্ড নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েমের। বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে। শোনা যাচ্ছে, একই আচরণ করা হতে পারে ভারতীয় বংশোদ্ভূত তুলসি গ্যাবার্ড ও ক্যারোলিম লেভিটের সঙ্গেও। সমালোচকরা সরাসরি বলছেন, বন্ডি ও নোয়েমের চাকরি গিয়েছে স্রেফ তাঁরা মহিলা বলেই! কেননা নিরাপত্তা ত্রুটি থেকে শুরু করে বেআইনি গ্রেপ্তার- নানা অভিযোগে বিদ্ধ প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেলের মতো পুরুষ কর্মকর্তার ক্ষেত্রে কিন্তু কোনওরকম পদক্ষেপ করা হয়নি। তাছাড়া বরখাস্ত হওয়া দুই মহিলার জায়গায় পুরুষদেরই নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্পের ক্যাবিনেটে পুরুষদের সংখ্যা বেড়েই চলবে মহিলাদের প্রতিস্থাপিত করে?
মার্কিন কংগ্রেসের সদস্য ডেমোক্র্যাট ইয়াসামিন আনসারির দাবি, 'নোয়েম এবং বন্ডি—উভয়েই ছিলেন খুবই খারাপ। তাঁরা এমন সব গুরুতর অপরাধ করেছেন, যা ক্ষমার অযোগ্য। কিন্তু বিষয়টি কি কৌতূহলোদ্দীপক নয় যে, কেবল নারীদেরই বরখাস্ত করা হচ্ছে? কাশ প্যাটেল এবং পিট হেগসেথ— উভয়ের বিরুদ্ধেই রয়েছে কেলেঙ্কারির দীর্ঘ তালিকা। তাঁদেরও বরখাস্ত করা উচিত।'
বরখাস্ত হওয়া দুই মহিলার জায়গায় পুরুষদেরই নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্পের ক্যাবিনেটে পুরুষদের সংখ্যা বেড়েই চলবে মহিলাদের প্রতিস্থাপিত করে?
এদিকে রোনাল্ড রেগান এবং জর্জ বুশ— উভয় প্রশাসনেই দায়িত্ব পালন করা বিল ক্রিস্টলও এক্স হ্যান্ডলে লিখেছেন, "বন্ডি ছিলেন জঘন্য, তবে প্যাটেলের চেয়ে খারাপ নন। নোয়েম ছিলেন ভয়াবহ, তবে হেগসেথের চেয়ে খারাপ নন। কী অদ্ভুত ব্যাপার— কেবল নারীরাই চাকরিচ্যুত হচ্ছেন!" এমন অভিযোগ আরও অনেকেই করেছেন। তাঁরা সকলেই নিশ্চিত মহিলা বলেই চাকরি গিয়েছে বন্ডিদের।
আপাতত জল্পনা, এবার ট্রাম্প হয়তো হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে বরখাস্ত করতে পারেন। তাঁকে প্রকাশ্যে তিরস্কার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে এক আলোচনার সময় লেভিটকে বরখাস্ত করার বিষয়টি বিবেচনা করছেন বলেও ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানতে চান, ''আমরা কি ওঁকে রেখে দেব?'' একই ভাবে নাকি নিশানায় রয়েছেন তুলসি গ্যাবার্ডও। যদি সত্যিই এই দুই মহিলা কর্মকর্তাও বরখাস্ত হন, তাহলে ট্রাম্পের 'নারীবিদ্বেষী' সত্তাই যে আরও প্রকট হবে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
