ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আমেরিকায় জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মহাক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জনপ্রিয়তায় ধস নেমেছে। এছাড়া, ইরান যুদ্ধের বিরুদ্ধে জনমত আরও বেড়েছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের জনসমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে। ৫০টি প্রদেশের মধ্যে ৪৭টিতেই তাঁর জনপ্রিয়তার হার ঋণাত্মক। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে এবার কি গদি হারাবেন মার্কিন প্রেসিডেন্ট?
চার দিনব্যাপী চালানো এই সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে সমর্থন করেন। মার্চ মাসের রয়টার্স/ইপসোসের সমীক্ষায় এই হার ছিল ৩৭ শতাংশ। চলতি মাসের শুরুতে এই হার কমে দাঁড়ায় ৩৪ শতাংশে। নিজেদের রিপাবলিকান হিসাবে পরিচয় দেওয়া মানুষের ইরান যুদ্ধের প্রতি সমর্থন কমে যাওয়ায় এই হার কমে গিয়েছে। বর্তমানে কেবল তিনটি প্রদেশ-ওয়াইওমিং, আইডাহো এবং ওয়েস্ট ভার্জিনিয়াতে ট্রাম্পের জনপ্রিয়তা ইতিবাচক। এই তিনটি প্রদেশই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিপুল ব্যবধানে সমর্থন করেছিল। ট্রাম্পের জনপ্রিয়তার হার সব চেয়ে কম ওয়াশিংটন ডিসিতে, যেখানে তাঁর মোট সমর্থন -৮৩। এর পরেই রয়েছে মেরিল্যান্ড ও ভারমন্ট, উভয়ের সমর্থন -৫০।
ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটিক প্রদেশগুলির মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই কম। নিউ ইয়র্কে (-৪৬), ওয়াশিংটনে (-৪২), ইলিনয়ে (-৪১), ক্যালিফোর্নিয়ায় (-৩৪) এবং নিউ জার্সিতে (-৩৪)। কিন্তু রিপাবলিকানদের নির্বাচনী সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ এমন বেশ কয়েকটি প্রদেশেও ট্রাম্পের জনসমর্থন নেতিবাচক। ফ্লোরিডায় তাঁর রেটিং-১৮, পেনসিলভেনিয়ায়-২৬, নর্থ ক্যারোলাইনায় ২৫, ওহাইওতে ২৬, উইসকনসিনে -২৮ এবং জর্জিয়ায় -৩১। চলতি বছর আমেরিকায় মিডটার্ম নির্বাচন।
