জনবহুল রাস্তায় ছুরি দিয়ে একের পর এক মহিলাকে কোপ! হাড়হিম করা কাণ্ড ঘটে গেল প্যারিসে। কোনওমতে আততায়ীকে পাকড়াও করা হয়েছে। তারপর আততায়ী বয়ান দিয়েছে তাতে আতঙ্ক বাড়তে বাধ্য। সাফ জানিয়েছে, আল্লা নির্দেশ দিয়েছেন বলেই এইভাবে হামলা চালিয়েছে সে। ভয়ানক ঘটনার ভিডিও করেছেন এক পথচারী। সেই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।
ঘটনাটি ঘটেছে প্যারিসের পোর্ত দে ক্লিশি এলাকায়। ফরাসি মিডিয়া সূত্রে খবর, সোমবার দুপুরে আচমকাই জনবহুল রাস্তায় ছুরি হাতে নিয়ে তেড়ে যায় এক যুবক। একে একে তিনজন মহিলাকে কোপ দেয়। জানা গিয়েছে, আহতদের বয়স ১৯, ২৪ এবং ৩৬ বছর। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বাও। তিনজনের মধ্যে দু'জনের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক, এমনটাই জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেঁ নুনেজ।
আততায়ীর পরিচয়ও প্রকাশ্যে আনেনি ফরাসি সরকার। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার খানিকক্ষণের মধ্যেই আততায়ীকে পাকড়াও করে ফেলেন স্থানীয় পথচারীরা। তখনই ওই ব্যক্তি বলতে থাকে, "আল্লা আমাকে নির্দেশ দিয়েছেন বলেই এই কাজ করেছি।" আপাতত গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। কেন কী উদ্দেশ্যে এই হামলা হল, সেই নিয়ে এখনও তদন্ত করছে ফরাসি পুলিশ।
ছুরি হাতে আততায়ীকে ধরার সম্পূর্ণ কৃতিত্ব আমজনতারই। জানা গিয়েছে, অফ ডিউটি এক পুলিশকর্মীর নেতৃত্বেই পথচারীরা ওই ব্যক্তিকে পাকড়াও করেছে। এক ব্যক্তি সুটকেস ছুড়ে মারেন আততায়ীর দিকে। সেই আঘাতে তার হাত থেকে ছুরি পড়ে যায়। তারপরই সকলে মিলে আততায়ীকে ধরে ফেলেন। আপাতত আততায়ীকে গ্রেপ্তার করা হলেও তার পরিচয় জানতে পারেনি পুলিশ। জেরার মুখে একাধিক অসংলগ্ন মন্তব্য করেছে সে। তার জেরে তদন্তেও সমস্যা দেখা দিচ্ছে।
