উৎসব চলাকালীন বন্দুকবাজের হামলায় রক্তাক্ত কানাডা। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার রাতে টরন্টোর জনপ্রিয় টিডি সালসা অন সেন্ট ক্লেয়ার স্ট্রিটে এলোপাথাড়ি গুলি চালায় একদল অজ্ঞাতপরিচয় যুবক। আততায়ীর গুলিতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। ভয়ংকর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন রাতে সালসা অন সেন্ট ক্লেয়ার স্ট্রিটে বিশেষ উৎসব চলছিল। ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই সময় সেখানে প্রবেশ করে একদল বন্দুকবাজ। এরপরই ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে সবাই। তবে গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ২ জন। আহত হয়েছেন আরও ৪ জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় আততায়ীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
কিন্তু কী কারণে আততায়ীরা হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। হামলার পরই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত হামলাকারীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরারর ফুটেজ।
