ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধের ডাক পুত্র মোজতবা খামেনেইয়ের। নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝেই প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর পর শনিবার সোশাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে এক লিখিত বার্তা দিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা। যেখানে তিনি জানিয়েছেন, 'গোটা দেশের একটাই দাবি, তা হল খামেনেই হত্যার প্রতিশোধ। তা অবশ্যই পূরণ করতে হবে।' পাশাপাশি যুদ্ধে সকল শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন মোজতবা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের ছক করছে ইরান, সম্প্রতি এমনই দাবি করে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে ইজরায়েল। এরপরই ট্রাম্প জানিয়েছেন, আমাকে হত্যার চেষ্টা করা হলে ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু করে দেবে আমেরিকা। ইরানের দিকে ১০০০ ক্ষেপণাস্ত্র তাক করা রয়েছে। তবে ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে ফুৎকারে উড়িয়ে শনিবার সোশাল মিডিয়ায় এক বার্তা দেন মোজতবা। যেখানে তিনি লেখেন, 'জাতির একটাই দাবি তা হল তা হল প্রতিশোধ। প্রয়াত সুপ্রিম লিডারের মৃত্যুর বদলা আমারা নেবই।' একইসঙ্গে তিনি লেখেন, 'কুখ্যাত অপরাধী ও হত্যাকারীদের দ্বারা যে সব নেতা শহিদ হয়েছেন, এই যুদ্ধে সকল শহিদের রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করছি। আমরা এখানে থাকি বা না থাকি, আমাদের এই লক্ষ্য অর্জিত হবেই, এবং শীঘ্রই বিশ্বজুড়ে স্বাধীনতাকামীদের প্রত্যেকে এই ঐশ্বরিক মিশনের অংশ হয়ে উঠবে।'
মোজতবা বলেন, 'আমরা এখানে থাকি বা না থাকি, আমাদের এই লক্ষ্য অর্জিত হবেই, এবং শীঘ্রই বিশ্বজুড়ে স্বাধীনতাকামীদের প্রত্যেকে এই ঐশ্বরিক মিশনের অংশ হয়ে উঠবে।'
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যে শেষ হয়েছে সেকথা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি দাবি করেন, ইরান আমেরিকার কাছে যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, তেহরানের প্রস্তাবে ওয়াশিংটন সম্মত হয়েছে বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি, ইরানকে সতর্ক করে তিনি বলেন, “যদি আমাকে হত্যা চেষ্টা হয়, তাহলে ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু হবে।” এরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান-সহ সংলগ্ন এলাকা।
ইরানের শতাধিক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় আমেরিকা নেয়নি। এই ডামাডোলের মাঝেই রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন আয়াতোল্লার পুত্র মোজতবা।
