ভয়াবহ বন্যায় ‘মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে নেপাল (Nepal Flood)। সেই ধ্বংসযজ্ঞের মাঝেই যেন একাকী যোদ্ধা! চার ঘণ্টারও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর অবশেষে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হল ৯৭ বছরের এক বৃদ্ধাকে। তাঁর নাম গুনা মায়া বোহরা।
বুধবার নেপালের ভয়াবহ হড়পা বানের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন তিনি। বয়সের কারণে তিনি নিজে উঠে আর নিরাপদ স্থানে পৌঁছতে পারেননি। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তাঁর হদিশ পায় পুলিশ এবং উদ্ধারকারী দল। প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে গুনাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু প্রাণে বাঁচলেও এখনও বৃদ্ধার আতঙ্ক কাটছে না। মৃত্যুর সঙ্গে কীভাবে এতক্ষণ যুদ্ধ চালিয়ে জয়ী হলেন, তা ভেবেই তাজ্জব সকলে। অনেকের বক্তব্য, অদম্য মনোবল, ইচ্ছাশক্তি এবং ভাগ্যের জোরেই তিনিই বেঁচে ফিরেছেন।
প্রসঙ্গত, নেপালে প্রকৃতির রুদ্ররোষে মৃত্যু হয়েছে অন্তত ৭০০ জনেরও বেশি মানুষের। নিখোঁজ ৩ হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে বিপর্যস্ত নেপালকে ফের সতর্ক করেছে চিন। জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনও মুহূর্তে লেহন্ডে খোলার অববাহিকার উজানে সৃষ্ট হ্রদটির পাড় ফেটে যেতে পারে। এর ফলে কাঠমান্ডুর মাথায় নতুন করে বাজছে বিপদঘণ্টা। এদিকে শনিবার ভারতের বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করেছে। যেখানে বলা হয়েছে, বিপর্যয়ের ৩দিন পেরিয়ে গেলেও এখনও নেপালে নিখোঁজ রয়েছেন ২৭৫ জন ভারতীয়। বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
