যুদ্ধের আগুনে হরমুজ প্রণালী (Strait Of Hormuz) রুদ্ধ করে রেখেছে ইরান। ফলে বিশ্বব্যাপী তৈরি হয়েছে গ্যাস সংকট। তবে এই অশান্ত পরিস্থিতিতেও ‘বন্ধু’ ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে তেহরান। এখনও পর্যন্ত ভারতের পতাকাবাহী মোট ৮টি জাহাজ হরমুজ পেরিয়েছে। কিন্তু হরমুজের কাছে এখনও নয়াদিল্লির কত সংখ্যক জাহাজ আটকে রয়েছে?
সোমবার কেন্দ্র সরকারের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজের কাছে এখনও ভারতের পতাকাবাহী মোট ১৬টি জাহাজ আটকে রয়েছে যদিও অনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদি সরকার এবিষয়ে কিছু জানায়নি। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, কবে সেই জাহাজগুলি ভারতে পৌঁছবে? কারণ, ওই জাহাজগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে গ্যাস। ফলে সেগুলি যত দ্রুত সম্ভব ভারতে পৌঁছলে জ্বালানি সংকটের সুরাহা হবে।
সূত্রের খবর, প্রয়োজনের তুলনায় খানিকটা ঘুরপথে ভারতীয় জাহাজগুলিকে হরমুজ পার করতে হচ্ছে। সম্প্রতি ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়ছেন, হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। সেই বন্ধু দেশের তালিকায় চিন, রাশিয়া, পাকিস্তানের পাশাপাশি রয়েছে ভারতও। সেকারণেই শর্টকাট নয়, খানিকটা ঘুরপথে চলতে হচ্ছে ভারতীয় জাহাজগুলিকে। ইরান প্রশাসন যেন ভারতীয় জাহাজগুলিকে চিহ্নিত করতে পারে, সেকারণেই ঘুরপথে যেতে হচ্ছে বলে জানা গিয়েছে।
