সোমবার ওমানের কাছে একটি বাণিজ্যতরীতে হামলা চালায় মার্কিন সেনা। তাতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল রুদ্ধশ্বাস মুহূর্তে ভারতীয় নাবিকদের কথোপকথন।
সংবাদমাধ্যম ‘বিবিসি’র একটি প্রতিবেদন অনুযায়ী, হামলার পর জাহাজে থাকা কর্মীরা সাহায্যের জন্য আপৎকালীন বার্তা পাঠিয়েছিলেন। এক জাহাজকর্মী বলেন, “আমরা বাণিজ্যতরী মারিভেক্স থেকে বলছি। আমাদের জাহাজটিতে ভংয়কর আগুন লেগে গিয়েছে। জাহাজটি ডুবতে শুরু করেছে।” তিনি আরও বলেন, “মার্কিন নৌবাহিনী আমাদের জাহাজে হামলা চালিয়েছে। বাণিজ্যতরীর ইঞ্জিন রুমে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। এর জেরে জাহাজের তলদেশে ফুটো হয়ে গিয়েছে। আমরা ২৪ নাবিক রয়েছি। প্রত্যেকেই ভারতীয়। দ্রুত আমাদের সাহায্য করুন।” পরে ওমানের সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
এদিকে এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হামলার দায় স্বীকার করে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতি জারি করে বলে, ‘বর্তমানে যুদ্ধের জেরে হরমুজে নৌ অবরোধ জারি হয়েছে। কিন্তু জাহাজটি মার্কিন সেনার নির্দেশ অমান্য করে ইরানের দিকে অগ্রসর হয়। এরপরই যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন থেকে বাণিজ্যতরীটি লক্ষ্য করে যুদ্ধাস্ত্র ছোড়া হয়।’ উল্লেখ্য, মাদাগাস্কারের পতাকাবাহী বাণিজ্যতরীটির নাম এমটি মারিভেক্স। এটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশে রওনা দিয়েছিল। সোমবার দুপুরে হরমুজ প্রণালী থেকে কিছুদূরে ওমান উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটি লক্ষ্য করে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। সাগরের উপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি।
