shono
Advertisement
Trade Talk

বাণিজ্য চুক্তি নিয়ে তিনদিনের বৈঠক, সোমে ওয়াশিংটনে পৌঁছচ্ছে ভারতের প্রতিনিধি দল

মাঝে মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আদায় করছেন, তা বেআইনি। কারণ, এতে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেই।
Published By: Kishore GhoshPosted: 08:01 PM Apr 19, 2026Updated: 08:10 PM Apr 19, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনে আগামিকাল ২০ এপ্রিল ওয়াশিংটন পৌঁছচ্ছে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রথম পর্যায়ে ৩ দিন বৈঠক করবে উভয়পক্ষ। মার্কিন শুল্কের প্রেক্ষাপটে গত ৭ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের প্রকাশিত চুক্তি কাঠামো পুনর্বিবেচনা নিয়ে কথা বলতে পারে দুই দেশের প্রতিনিধিরাই।

Advertisement

মাঝে মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আদায় করছেন, তা বেআইনি। কারণ, এতে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেই। ট্রাম্প একক ভাবে সিদ্ধান্ত নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। এর পরেই হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ‘‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে আইইইপিএ অনুসারে আরোপিত অতিরিক্ত শুল্ক আর কার্যকর হবে না। যত দ্রুত সম্ভব তা আদায় করা বন্ধ হবে।" এর পরেই গত ২৪ ফেব্রুয়ারি থেকে ভারতের উপর আমেরিকার আমদানি শুল্ক ১০ শতাংশে নেমে আসে। এই পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামিকাল থেকে শুরু হওয়া বাণিজ্য বৈঠক।

ভারতীয় প্রতিনিধি দলটির তরফে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ২০, ২১ এবং ২২ এপ্রিল বৈঠক হবে। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পন জৈন। এই দলে শুল্ক এবং বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও রয়েছেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কর্তৃক শুরু করা দু'টি একতরফা তদন্ত নিয়েও তিন দিনের এই আলোচনায় কথা হতে পারে। যার বিষয়ে আগেই প্রবল আপত্তি করেছিল দিল্লি।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে শুল্কের পরিমাণ ১৮ শতাংশে নামিয়ে এনেছিলেন ট্রাম্প। বাণিজ্য সমঝোতা অনুযায়ী ভারত থেকে কোনও পণ্য আমেরিকায় রপ্তানি করতে গেলে ওই পরিমাণ শুল্কই দিতে হচ্ছে। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই শুল্কও বাতিল হয়েছে। এরপর থেকে ১৮ শতাংশ হারে অতিরিক্ত কোনও শুল্ক নয়াদিল্লিকে দিতে হচ্ছে না। তবে ১০ শতাংশ হারে নতুন যে শুল্কের কথা ট্রাম্প বলেছেন, তা অন্যান্য দেশের মতো দিতে হচ্ছে ভারতকেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement