shono
Advertisement

রাষ্ট্রের মদতে সংখ্যালঘু নির্যাতন পাকিস্তানে, মুসলিম বিশ্বের কাছে দরবার প্রবাসী ভারতীয়দের

হিন্দু ও শিখদের দূরবস্থার কথা তুলে ধরেছেন প্রবাসী ভারতীয়রা।
Posted: 08:37 PM Aug 02, 2023Updated: 08:37 PM Aug 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন পাকিস্তানে (Pakistan)। এই বিষয়টি উল্লেখ করে মুসলিম ওয়ার্ল্ড লিগকে ব্যবস্থা নিতে বলল ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়দের এই সংগঠনের তরফে বলা হয়েছে, পাকিস্তানের শিখ ও হিন্দুদের উপর অমানবিক অত্যাচার চলছে। তাঁদের নিরাপত্তা বজায় রাখার জন্য মুসলিম ওয়ার্ল্ড লিগের নেতৃত্বকে সক্রিয় হতে হবে। সংখ্যালঘুদের পাশাপাশি তাঁদের ধর্মস্থানগুলিকেও সুরক্ষিত রাখার দায়িত্ব নিতে হবে মুসলিম ওয়ার্ল্ড লিগের নেতাদের। 

Advertisement

সাম্প্রতিক অতীতে একাধিকবার পাকিস্তানে হেনস্তার মুখে পড়তে হয়েছে সংখ্যালঘু হিন্দু ও শিখদের। সেই প্রসঙ্গ উল্লেখ করে ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের তরফে বলা হয়েছে, হিন্দু ও শিখ তরুণীদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। তাছাড়াও মহিলাদের অপহরণ করে নির্যাতন চালানো হচ্ছে তাঁদের উপরে। অনেকক্ষেত্রেই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টাও করেছে পাক প্রশাসন।

[আরও পড়ুন: ‘ক্ষমা চাইব না’, মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা রাহুল গান্ধীর]

সমস্ত ঘটনাবলি উল্লেখ করে ভারতীয়দের সংগঠন জানিয়েছে, পাকিস্তানের এই কার্যকলাপের ফলে রাষ্ট্রসংঘের সনদ লঙ্ঘিত হচ্ছে। তাই সংখ্যালঘুদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে বলেই মুসলিম ওয়ার্ল্ড লিগের নেতাদের আবেদন জানানো হয়েছে। প্রবাসী ভারতীয়দের তরফে প্রেসিডেন্ট পুনীত সিং চন্দোক বলেন, “পাকিস্তানের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। হিন্দু ও শিখদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেন আপনারা। শুধু তাই নয়, পাকিস্তানে অবস্থিত সংখ্যালঘুদের ধর্মস্থানগুলিরও পবিত্রতা বজায় রাখতে হবে দেশের প্রশাসনকে।

প্রসঙ্গত, মুসলিম ওয়ার্ল্ড লিগে বিশ্বের সমস্ত ইসলামিক দেশের নাগরিকদেরই সদস্যপদ রয়েছে। মক্কায় অবস্থিত এই সংগঠনের মূল উদ্দেশ্য হল, ইসলাম ধর্মে উল্লিখিত সহিষ্ণু মতাদর্শগুলি বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে দেওয়া। সেই সঙ্গে মানবাধিকার রক্ষার কাজও করে থাকে সংস্থাটি। ইসলামের নামে উগ্রপন্থার প্রসার রুখতেও নানা ভূমিকা রয়েছে তাদের। পাকিস্তানের পরিস্থিতি নিয়ে অভিযোগ পাওয়ার পরে কী পদক্ষেপ করবে সংস্থাটি, সেদিকে নজর থাকবে। 

[আরও পড়ুন: রাজ্যের ঋণের পরিমাণ ৭ লক্ষ কোটি? ‘মিথ্যাচার’ উড়িয়ে সঠিক তথ্য দিলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement