দীর্ঘ টালবাহানার পর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অবশেষে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিতে রাজি ইরান! সম্প্রতি এমনই বার্তা দিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংগঠনের প্রধান মহম্মদ ইসলামি। সোমবার বিবৃতি জারি করে তাঁর বার্তা, যদি ইরানের উপর থাকা যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশের নিচে নামিয়ে আনতে রাজি তারা। পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হওয়ার পরই প্রকাশ্যে এসেছে ইরানের এই বিবৃতি।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-র রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসলামিকে প্রশ্ন করা হয়েছিল ইরান কি আমেরিকার দাবি মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশের নিচে নামিয়ে আনবে? উত্তরে আমেরিকার কোর্টে বল ফেলে ওই আধিকারিক জানান, আমাদের উপর যে সব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা প্রত্যাহার করা হবে কি না, তার উপরেই গোটা বিষয়টি নির্ভর করছে। যদিও ওই আধিকারিক স্পষ্ট করেননি, ইরানের উপর জারি হওয়া সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না কি শুধুমাত্র আমেরিকার দ্বারা জারি করা নিষেধাজ্ঞা।
সোমবার বিবৃতি জারি করে বলা হয়েছে, ইরানের উপর থাকা যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশের নিচে নামিয়ে আনতে রাজি তারা।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালীন আমেরিকা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। অভিযোগ তোলা হয় ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। অথচ ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ৩.৬৭ শতাংশের বেশি পরিশোধন করতে পারবে না ইরান। সেখানে ইউরেনিয়ামের ৬০ শতাংশ পরিশোধনের অর্থ হল পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে রাষ্ট্রসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (IAEA) অনুযায়ী, ইরানই একমাত্র অ-পারমাণবিক রাষ্ট্র যারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ১০ জুন এই সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী, হামলার আগে ইরানের কাছে ৪০০ কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল। তবে তার বর্তমান অবস্থান এখনও অজানা। যদি সেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ৯০ শতাংশে পৌঁছয় তবে ৯টির বেশি পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে ইরান। এদিকে আমেরিকা চায় ২০১৫ সালের সেই চুক্তি বাতিল করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যা অতীতের চুক্তির চেয়ে আরও বেশি কঠোর। যদিও ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
