ভারত মহাসাগরে ভয়ংকর হামলা চালিয়ে ইরানি রণতরী ধ্বংস (Iranian Warship Sinks) করেছে মার্কিন নৌসেনা। জাহাজে থাকা অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলল তেহরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর চাপ বাড়িয়ে তারা জানাল, 'ভারতের অতিথির উপর হামলা হয়েছে।'
বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, 'ইরান উপকূল থেকে ২ হাজার মাইল দূরে সমুদ্রে বর্বরোচিত হামলা চালিয়েছে আমেরিকা। ভারতীয় নৌসেনার অতিথি আইআরআইএনএস ডেনা ধ্বংস করে দিয়েছে তারা। রণতরীটিতে প্রায় ১৩০ জন ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় আগাম কোনও সতর্কতা ছাড়াই এই হামলা চালিয়েছে ওয়াশিংটন।' এই ঘটনাটিকে তিনি 'সমুদ্রে নৃশংসতা' বলে অভিহিত করেছেন। বলে রাখা ভালো, ইরান যুদ্ধ এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যা নিয়ে নীরব কেন্দ্র। বিষয়টি নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করেছে মোদিকে। বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধ নিয়ে এখন 'কূটনৈতিক প্যাঁচে' পড়েছে মোদি সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর চাপ বাড়াল তেহরান।
বুধবার শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএনএস ডেনা’-এর উপর হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ। ডুবন্ত অবস্থাতেই জাহাজটির নাবিকেরা বার্তা পাঠান। সেই মতো শ্রীলঙ্কার নৌসেনা উদ্ধারে যায়। ততক্ষণে জাহাজে থাকা ৮৭ জন প্রাণ হারিয়েছেন। ডুবন্ত রণতরী থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। কিন্তু জাহাজে থাকা ১৪৮ জনের খোঁজ মেলেনি। সময় যত গড়াচ্ছে, তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে এসেছিল ইরানি যুদ্ধজাহাজটি। সেখানে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়াতেও অংশ নেয় সেটি। তার পর যুদ্ধজাহাজটির গন্তব্য হয় বিশাখাপত্তনম। পরে সেখান থেকে সেটি ইরানের উদ্দেশে রওনা দেয়। ঠিক সেই সময়ই যুদ্ধজাহাজটির উপর হামলা চালানো হয় বলে খবর।
